ইরানে অ্যালকোহল পানে ৭ শতাধিক মৃত্যু

বিষাক্ত মিথানলে করোনাভাইরাস নিরাময় হয়, এই মিথ্যা বিশ্বাসের কারণে ইরানে ৭ শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানায় যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপি।

এখন পর্যন্ত অ্যালকোহল পানে ৭২৮ জনের মৃত্যুর খবর এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। কদিন আগে মন্ত্রণালয়ের এক মুখপাত্র ৫২৫ জনের মৃত্যু হয়েছে জানান।

সরকারি রিপোর্ট অনুযায়ী, গত ২০ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত ইরানে অ্যালকোহল পান করে মারা গেছে ৭২৮ জন। গত বছর এ সংখ্যা ছিল ৬৬ জনে।

মৃত্যুর হিসাবের পার্থক্য নিয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা হোসেন হাসানিয়ান বলেছেন, ‘হাসপাতালের বাইরে প্রায় ২০০ জন মানুষ মারা গিয়েছিল।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানোশ জাহানপোর বলেছেন, মিথানল অ্যালকোহল পানে মোট ৫ হাজার ১১ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ৯০ জন দৃষ্টিশক্তি হারিয়েছে কিংবা চোখের ক্ষতি হয়েছে।

করোনাভাইরাসে মধ্যপ্রাচ্যে সবচেয়ে ক্ষতি হয়েছে ইরানের। সাড়ে ৫ হাজারের বেশি প্রাণহানি হয়েছে, আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ছাড়িয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.