সৌদি সংকটে যাত্রী ভোগান্তি, ব্যাহত ১৮৬ ফ্লাইট

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে পরিচালনাগত বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী এবং সৌদি আরব থেকে বাংলাদেশে আসা ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে পরিচালনাগত বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী এবং সৌদি আরব থেকে বাংলাদেশে আসা ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ১৮৬টি ফ্লাইটের সময়সূচি বাতিল ও স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত ২৩ হাজার ১৬১ জন যাত্রী। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বেবিচক জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর প্রভাব পড়েছে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলে। ফলে বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইট পরিচালনার পাশাপাশি বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবে যাতায়াতকারী ট্রানজিট ফ্লাইটগুলোর সময়সূচিও ব্যাহত হচ্ছে। এতে যাত্রীদের যাত্রা বিলম্বিত হওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণ পরিকল্পনা পরিবর্তনের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ১৮৬টি ফ্লাইটের মধ্যে ১০৯টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে পরিচালিত ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির মোট ৫৫টি ফ্লাইটের সময়সূচি ব্যাহত হয়েছে। এ ছাড়া সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইনসের ২১টি, রিয়াদ এয়ারলাইনসের ২৩টি এবং বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট এ পরিস্থিতির কারণে বাতিল বা স্থগিত হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রেও উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। এর মধ্যে ভারতের ইন্ডিগোর ৩০টি ফ্লাইট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইটের সময়সূচি ব্যাহত হয়েছে। এসব ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে যাতায়াতের পরিকল্পনা করা যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।

এদিকে, পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের সঙ্গে বিমান যোগাযোগ স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি গত ৭ নভেম্বর থেকে ঢাকা–দাম্মাম–ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল। তবে পর্যাপ্ত যাত্রী না থাকায় ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে সৃষ্ট এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশি, বিদেশগামী কর্মী এবং দেশে ফিরতে ইচ্ছুক যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বিশেষ করে ট্রানজিট ফ্লাইটের ওপর নির্ভরশীল যাত্রীদের ভ্রমণ পরিকল্পনাও ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন অব্যাহত থাকতে পারে। তাই যাত্রীদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইটের তথ্য জেনে ভ্রমণের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN