বেনাপোল-পেট্রাপোল চেকপোষ্টের নোম্যান্সল্যান্ডে ভারতের পেট্রাপোলে রপ্তানি পণ্যবাহী ট্রাক জট কমাতে ভারত থেকে আমদানিকৃত পণ্য লোড আনলোড করার ব্যাপারে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নিয়েছে ভারত-বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।
বুধবার দুপুরে নোম্যান্সল্যান্ডে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রশাসনের সবার সাথে কথা বলে চালু করা হবে আমদানি-রফতানি কার্যক্রম। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, অতি প্রয়োজনীয় ও পঁচনশীল পণ্য দিয়ে ভারত রপ্তানি শুরু করবে, পরে অন্যান্য পণ্য আমদানি-রপ্তানি করা হবে।
করোনাভাইরাসের জন্য লকডাউনের মধ্যে বুধবার দুপুরে নোম্যান্সল্যান্ডে এক জরুরী বৈঠকে বসেন বাংলাদেশ-ভারত ব্যবসায়ী নেতারা। এ সময় বাংলাদেশের পক্ষে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি কামাল উদ্দিন শিমুল, সদস্য আমিনুল হক আনু, সিএন্ডএফ এজেস্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, কার্গো সম্পাদক রফিকুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী, বনগাঁ আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি পরিতোষ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তারা বলেন, করোনাভাইরাসের কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি চালু করতে পারছে না ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় পেট্রাপোল বন্দরের সেন্ট্রাল পার্কিং থেকে বনগাঁ পৌরসভার কালিতলা পার্কিং পর্যন্ত ২২১৪ টি রপ্তানির পণ্য বোঝাই ভারতীয় ট্রাক দাঁড়িয়ে রয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের মতপার্থক্যের জন্য পূর্বের ন্যায় বাণিজ্য চালু হচ্ছে না। ফলে পাটবীজসহ বিভিন্ন প্রকার পঁচনশীল পণ্য ও শিল্প কলকারখানায় ব্যবহৃত কাঁচামাল আটকে পড়ায় বাংলাদেশি ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। দুইদেশে প্রায় ৩০-৪০ হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। আমদানি-রপ্তানি চালু হলে বেনাপোল-পেট্রাপোল বন্দরে কর্মচাঞ্চলতা ফিরে আসবে। করোনা থেকে রক্ষা পেতে বন্দর ব্যবহারকারীদের স্বাস্থ্য সচেতনতা মুলক হ্যান্ড গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানির ব্যবস্থা থাকতে হবে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, করোনাভাইরাসের জন্য ভারত সরকার দফায় দফায় লকডাউন বৃদ্ধি করায় আমদানি-রপ্তানি চালু করা সম্ভব হচ্ছে না। লকডাউন ঘোষণার পর গত ২৩ মার্চ থেকে ভারত-বাংলাদেশের মধ্যে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ভারতীয় ট্রাক চালকরা বাংলাদেশে গেলে চালককে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখবে পেট্রাপোল পুলিশ। তাই ভারতীয় ট্রাক নোম্যান্সল্যান্ড পর্যন্ত যাবে। বাংলাদেশী ট্রাক ও শ্রমিকরা সেখান থেকে মালামাল লোড আনলোড করে নেবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, অতি প্রয়োজনীয় ও পঁচনশীল পণ্য দিয়ে রপ্তানি শুরু করা হবে, পরে অন্যান্য পণ্য বাড়ানো হবে। পরিস্থিতি ভাল হলে পূর্বের ন্যায় কাজ করা যাবে।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল ওয়াহাব জানান, নোম্যান্সল্যান্ড ব্যবহার করতে হলে বিজিবির উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। আমরা কথা বলার পর আপনারা কাজ করতে পারবেন।
বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি কামাল উদ্দিন শিমুল বলেন, করোনাভাইরাসের জন্য দুইদেশে লকডাউন চলছে। ভাইরাসে আক্রান্ত হওয়ারও একটি বিষয় আছে। প্রবেশের অপেক্ষায় পণ্য বোঝাই ট্রাক পেট্রাপোল বন্দর এলাকায় দাঁড়িয়ে আছে। রোজার সময় ফল, পেঁয়াজের প্রয়োজন তাই নোম্যান্সল্যান্ড ব্যবহার করেই কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নিরাপত্তার মধ্যে থেকেই কাজ করতে হবে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, ভারত যদি পণ্য রপ্তানি করে, বাংলাদেশি ব্যবসায়ীরা যদি নোম্যান্সল্যান্ডে তা গ্রহণ করে তাহলে বন্দরের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।