নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যে ব্যয়সাশ্রয়ী পদক্ষেপের অংশ হিসেবে ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ে যাচ্ছে বোয়িং। দুটি বিমান দুর্ঘটনার পর বোয়িংয়ের জনপ্রিয় মডেল ৭৩৭ ম্যাক্সের বৈশ্বিক গ্রাউন্ডিং শেষে কভিড-১৯ রোগের হানায় মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর গার্ডিয়ান।
বৈশ্বিক আকাশসেবা ও উড়োজাহাজ শিল্পের জন্য অভূতপূর্ব সংকটের মধ্যে চলতি বছরের প্রথম প্রান্তিকে ১৭০ কোটি ডলার পরিচালন লোকসানের পর কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল বোয়িং। ৭৩৭ ম্যাক্সের গ্রাউন্ডিংয়ের ব্যয় ৫০০ কোটি ডলারে দাঁড়াচ্ছে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে।
সফটওয়্যারগত ত্রুটির কারণে গত বছর দুটি মারাত্মক বিমান দুর্ঘটনায় বিশ্বব্যাপী গ্রাউন্ডেড রয়েছে ৭৩৭ ম্যাক্স। চলতি বছরের শুরু থেকে নভেল করোনাভাইরাস মহামারীতে আকাশপথে ভ্রমণের বৈশ্বিক চাহিদা কমেছে।