ভুলে নিজেদের জাহাজে মিসাইল নিক্ষেপ ইরানের, নিহত ২০

কিছুদিন পূর্বে আমেরিকার সঙ্গে উত্তেজনার জেরে ভুলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিজেদের যাত্রী বিমান বিধ্বস্ত করেছিল ইরান, যা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।

আবারও সেই একই ধরনের ভুল করে বসল ইরান। তবে এবার যাত্রীবাহী বিমানে নয়, নিজেদের জাহাজের ওপর মিসাইল ছুড়ে ২০ জনকে হত্যা করেছে ইরানের নৌবাহিনী। পারস্য উপসাগরে রবিবারের এই ঘটনাকে ‘মানবসৃষ্ট ভুল’ বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়েছে, জামারান থেকে ছোড়া সি-৮০২ নুর মিসাইল হঠাৎ অন্য একটি জাহাজের ওপর আঘাত হানে।

এতে আরও বলা হয়, ইরানি নেভিবহরে যুক্ত হওয়া নতুন ওই জাহাজে ৩০ থেকে ৪০ জন সদস্য ছিলেন।

প্রাথমিকভাবে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ওই জাহাজের কমান্ডারও আছেন।

ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস ক্রপস (আইআরজিসি) জানিয়েছে, এটি মানবসৃষ্ট ভুল বলে ধারণা করা হচ্ছে। তবু গোটা বিষয়টি তদন্ত করা হবে।

পারস্য উপসাগরে আমেরিকার সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যে এই ঘটনা ইরানকে আরও চিন্তিত করবে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে দুই দেশের নৌবাহিনীর মধ্যে প্রায় যুদ্ধ লেগে যায়। পরে আমেরিকা বিবৃতিতে জানায়, ইরান তাদের ‘হয়রানি’ করেছে।

এর ভেতর গত শনিবার গুজব ছড়ায়, যুক্তরাষ্ট্রের একটি ড্রোন নিজেদের সীমানার পানিতে ফেলেছে ইরান। পরে এটি নিয়েও দুই দেশ তর্কে জড়ায়।

পারস্য উপসাগরে ইরানের চলমান মহড়া সাম্প্রতিক এই উত্তেজনাকে কেন্দ্র করেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.