লকডাউনের সময়সীমা বাড়ছে নিউইয়র্কে

গেল একমাসের মধ্যে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা হাজারের নিচে নেমে এসেছে যুক্তরাষ্ট্রে । রোববার দেশটিতে নতুন করে ৭৫০ জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি।

এদিকে নিউইয়র্কে করোনার পরিস্থিতি খুব একটা উন্নতি না হওয়ায়, লকডাউনের সময়সীমা আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বের ব্যস্ততম শহর নিউইয়র্কে প্রায় দুই মাসেরও অধিক সময় ধরে চলছে লকডাউন। তবে ট্রাম্পের চাপে তা তুলে নেয়ার কথা উঠলে, পরিস্থিতি উন্নতি না হওয়ায় লকডাউনের সময়সীমা আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে নিউইয়র্ক প্রশাসন।

এদিকে, করোনার থাবায় যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার ১৪ দশমিক সাত শতাংশে দাঁড়িয়েছে, চলতি সপ্তাহে দেশটির শ্রম মন্ত্রণালয়ের এমন তথ্যে আতঙ্ক আরো বেড়ে গেছে। তবে বেকারত্বের হার বেড়ে ২৫ শতাংশে দাঁড়াতে পারে বলে রোববার শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টিভ মানুয়েকশেন বলেন, এই বেকারত্বের পরিসংখ্যান দেখলে মনে হতে পারে আমেরিকার ব্যবসায় ধস নেমেছে, এ রকম কিছু ভাবলে ভুল হবে। করোনা ভাইরাসের কারণে যেই লকডাউন চলছে, তার জন্যই আজকের এই সংকট। সামনের দিন পরিস্থিতি খারাপ হলেও অর্থনীতি পুর্নগঠনে আমরা জোর চেষ্টা চালিয়ে যাবো। যেন পরের বছরই আমারা ঘুরে দাঁড়াতে পারি।

এর মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সেলফ আইসোলেশনে গেছেন বলে খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। তবে তার মুখপাত্র এক বিবৃতিতে ওই খবর উড়িয়ে দিয়ে জানিয়েছেন, সোমবার হোয়াইট হাউসেই অফিস করবেন পেন্স। তার প্রেস সেক্রেটারি কেটি মিলারের দেহে সম্প্রতি কোভিড নাইন্টিন শনাক্ত হওয়ার পরই এই গুঞ্জনের ডানপালা মেলে।

গেল একমাসের বেশি সময় ধরে করোনায় যুক্তরাষ্ট্রের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রতিদিনই হাজারের উপরে ছিল। তবে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমে ৭৫০ জনে দাঁড়িয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.