স্পেনে অবৈধ অভিবাসীদের ৪ দফা দাবিতে বিক্ষোভ

চার দফা দাবিতে বিক্ষোভ করেছেন স্পেনে বসবাসকারী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীরা। এই দাবিগুলোর মধ্যে রয়েছে স্পেনে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী দুই লাখ অভিবাসীকে বৈধ করে কাজ করার সুযোগ প্রদান, সবার জন্য স্বাস্থ্য সেবা উন্মুক্তকরণ, প্রবাসীদের জন্য বিনামূল্যে দোভাষীর ব্যবস্থা করা এবং সবার জন্য বিনামূল্যে মাক প্রদান করার জন্য চার দফা তুলে ধরেন প্রবাসীরা।

গতকাল মঙ্গলবার স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের নেলসন ম্যান্ডেলা পার্কসংলগ্ন সেন্ট্রো সালুদ (সরকারি চিকিৎসাকেন্দ্র) এর সামনে এই মানববন্ধন এবং বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

কয়েকশ প্রবাসী এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এই চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশে অংশগ্রহণ করে। স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভাপিয়েস এবং রেড সলিদারিদাদ আমন্ত্রণে বাংলাদেশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার তত্ত্বাবধানে প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধন এবং সমাবেশে স্প্যানিশ, বাংলাদেশি, মরক্কো, আফ্রিকান, সেনেগালসহ বিভিন্ন দেশের প্রবাসী অভিবাসীরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, স্পেনে অবৈধ অভিবাসীরা যাদের বৈধ কাগজ নেই, তারা প্রতিনিয়ত ভালো কাজ এবং স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হন। স্পেনে অবৈধ অভিবাসীদের এসব ন্যায্য দাবিগুলো এখনও পূরণ হয়নি। এখানেও অবৈধ অভিবাসীরা বিভিন্নভাবে শোষিত হচ্ছে। এসব ন্যায্য দাবি পূরণ করার জন্যই এই সংকটময় মুহূর্তে তারা রাজপথে নেমে এসেছেন।

বাংলাদেশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের উপস্থাপনা করেন। এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি মারিয়া খসে পেপা তররেস, রেড ইন্টার লাভাপিয়েসের মাইতি, রেড সলিরিদাদ এর আকখিদা নিনেস, আন্তর্জাতিক মিউজিয়াম রেইনা সুফিয়ার পরিচালক আনা লঙ্গনী, পিলার আগুইলার, মাস মাদ্রিদের অরিক্স, অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, জুলহাস উদ্দিন, আলামীন পালোয়ান, শাহ আলমসহ বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.