ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মহামারি করোনাভাইরাস নিয়ে দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেন, ১৫ দিন কিংবা এক মাসের ভেতর মহামারি করোনা চলে যাচ্ছে এমনটি ভাবার কারণ নেই।
ইরানের করোনাভাইরাস টাস্কফোর্সের সঙ্গে সাপ্তাহিক বৈঠক শেষে রাষ্ট্রীয় টেলিভিশনে রুহানি বলেন, ‘কভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ অবশ্যই দীর্ঘদিন মেনে চলতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভিন্ন নির্দেশ আসার আগে আমাদের সব ধরনের জমায়েত বন্ধ করতে হবে। এটি বিয়ে হতে পারে, শোকানুষ্ঠান হতে পারে অথবা পারিবারিক বেড়ানো হতে পারে।’
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ খবর অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনায় দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৬৯ হাজার ৪২৫ জন। মোট মারা গেছেন ৮ হাজার ২০৯ জন।
গত মাসে দ্যা গার্ডিয়ান জানিয়েছিল, দেশটিতে আরও অনেক বেশি মানুষ মারা গেছেন। ইরানের সরকারি দাবি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রশ্ন আছে।