মহামারি নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস।
পৃথিবী জুড়ে এই মহাবিপর্যয় মোকাবিলায় সবাইকে এক জোট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,
পরিস্থিতি মোকাবিলায় এই মুহূর্তে যোগ্য নেতৃত্বের অভাবই সবচেয়ে উদ্বেগের বিষয়।
পর্যবেক্ষকদের ধারণা, নাম উল্লেখ না করলেও এ কথা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
নেতৃত্বের ব্যর্থতার দিকেই ইঙ্গিত করেছেন। খবর এনডিটিভির।
মহামারি করোনা এর তাণ্ডবে এখন সারা পৃথিবী নাজেহাল। সোমবার পর্যন্ত সারা বিশ্বে সংক্রমিতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৯০ লাখ।
আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্রাজিল, ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে।
গত বছরের ডিসেম্বর মাসের শেষ দিকে চীনে প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল।
সেখান থেকেই এই মারণ ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। গত মে মাসের মাঝামাঝি বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষে পৌঁছে যায়।
আর তা দ্বিগুণ হয়ে ৯০ লক্ষে পৌঁছতে লেগেছে মাত্র ৫ সপ্তাহ।
বিশ্বে মোট আক্রান্তের প্রায় ২৫ শতাংশ আমেরিকার বাসিন্দা। সেখানে এখনও পর্যন্ত ২২ লাখ ব্যক্তির শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে।