বিমানবন্দরে গিয়ে বিদেশ ভ্রমণের অভিনয় করার সুযোগ!

করোনাভাইরাস মহামারির কারণে ভ্রমণে বিধিনিষেধ বহাল আছে বিভিন্ন দেশে। এ কারণে আকাশে তেমন উড়তে পারছে না উড়োজাহাজ। থমকে আছে বেশিরভাগ পর্যটন কেন্দ্র। স্বপ্ন হতে বসেছে বহুদূরের বিদেশে বেড়াতে যাওয়া!

করোনাভাইরাস মহামারির এই পরিস্থিতিতে তাইওয়ানের রাজধানী তাইপেই’র সংশান বিমানবন্দর অভিনব একটি উদ্যোগ নিয়েছে। তারা ৯০ জনকে সেখানে ঘুরে দেখার সুযোগ দেবে। এর মাধ্যমে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা ও বিমানে ওঠা এবং তারপর নেমে আবারও ইমিগ্রেশন পেরিয়ে ঘরে ফেরার অভিজ্ঞতা হবে তাদের।

তাইপেই’র সংশান বিমানবন্দটির ওয়েবসাইটে বলা হয়েছে, তাইওয়ান থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ নেই। তাই সংশানে বিদেশ যাওয়ার অভিনয় করতে দেওয়া হবে! আগামী ২ জুলাই, ৪ জুলাই ও ৭ জুলাই তাইপেই সংশানে বিদেশ ভ্রমণের মেজাজে ফেরা যাবে। দিনের অর্ধেকটা সময় জুড়ে থাকছে বিশেষ এই ট্যুর।

তাইপেইতে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। এর মধ্যে সংশান আকারে ছোট। এটি কিলুং নদীর পাশে শহরের কেন্দ্রে অবস্থিত। এখান থেকে মূলত অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করে বেশি। এছাড়া হাতেগোনা কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া যায়।

সংশানের বিমানবন্দরের উপ-পরিচালক চি-চিং ওয়াং বলেন, ‘সংশান বিমানবন্দর থেকে যাদের কখনও আন্তর্জাতিক ফ্লাইটে চড়ার সুযোগ হয়নি তারা এই সুযোগে বোর্ডিং প্রক্রিয়া ও প্রাসঙ্গিক সেবা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। মিশন শেষ হওয়ার বিশেষ রহস্যময় উপহার নিয়ে বাড়ি ফিরবেন সবাই!’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.