ওসামাকে শহীদ আখ্যা দিয়ে সমালোচনার মুখে ইমরান খান

আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে শহীদ আখ্যা দেওয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েছেন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানপোড়েনের ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে বৃহস্পতিবার ওসামার প্রসঙ্গ টেনে এনেছিলেন তিনি।

পার্লামেন্টে দাঁড়িয়ে ইমরান বলেন, অ্যাবোটাবাদে ঢুকে মার্কিন সেনারা ওসামাকে হত্যা করেছে। যার ফলে অস্বস্তির মুখে পড়েছিল পাক সরকার।

ওসামাকে শহীদ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা খুবই বিব্রতবোধ করেছিলাম… যখন মার্কিন সেনাবাহিনী (পাকিস্তানে) ঢুকেছিল এবং ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে হত্যা করেছিল… তাকে শহীদ করেছিল।’

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদের গ্যারিসন টাউনে ওসামার বিরুদ্ধে অভিযান চালায় মার্কিন নেভি সিল। অভিযানে নিহত হন আল কায়েদা প্রধান। ওসামার বিরুদ্ধে মার্কিন অভিযান নিয়ে এর আগেও মুখ খুলেছিলেন ইমরান। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে তিনি জানিয়েছিলেন, অ্যাবোটাবাদে ওসামার উপস্থিতির খবর মার্কিন গোয়েন্দাদের জানিয়েছিল পাকিস্তান। পাক সরকারকে পুরোপুরি অন্ধকারে রেখে ওসামার বিরুদ্ধে মার্কিন সেনার সেই গোপন অভিযান চালানো উচিত হয়নি।

ইমরানের মন্তব্যের সমালোচনা করে বৃহস্পতিবার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ পার্লামেন্টে বলেছেন,

‘আজ ওসামাকে শহীদ আখ্যা দিয়ে ইমরান খান ইতিহাসকে কলুষিত করলেন।’

টুইটারে পাকিস্তানি অ্যাক্টিভিস্ট মিনা গাবিনা লিখেছেন, ‘সাম্প্রতিক সন্ত্রাসবাদের কারণে সারা বিশ্বের মুসলিমরা বৈষম্যের শিকার। আমাদের প্রধানমন্ত্রী ওসামা বিন লাদেনকে ইসলামের শহীদ আখ্যা দিয়ে জঘন্য মন্তব্য করলেন।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.