২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৪৭ হাজার করোনা সংক্রমণ

মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নতুন করে ৪৭ হাজার বেড়েছে যুক্তরাষ্ট্রে। বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে এমন তথ্য পাওয়া গেছে।

করোনা মহামারী শুরু হওয়ার পর একদিনেই এটিই সবচেয়ে বড় সংক্রমণ। তবে এ সংখ্যা শিগগিরই দ্বিগুণ হয়ে যাবে বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির সরকারের সংক্রামকবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ।

নতুন করে  ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও আরিজোনাকে প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হিসেবে দেখা গেছে। এসব রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউটি অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের প্রধান ডা. অ্যান্থনি ফাউসি মার্কিন সিনেট কমিটিকে বলেন, পরিষ্কারভাবেই করোনার ওপর আমাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নেই। আমি খুবই উদ্বিগ্ন। কারণ পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যেতে পারে।

ফাউসি বলেন, ভাইরাসের উত্থান থামাতে যথাযথ পদক্ষেপ নেয়া না হলে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাখে পৌঁছাতে পারে। যেসব এলাকায় করোনার উত্থান ঘটছে, সেসব এলাকায় কেবল নজর দিলেই চলবে না। এটি পুরো দেশকে ঝুঁকিতে ফেলে দিয়েছে।

তিনি বলেন, প্রথম দিকের উপাত্তে টিকা উদ্ভাবনের অনেক সম্ভাবনা দেখিয়েছিল কিন্তু এখন এ ক্ষেত্রে কোনো নিশ্চয়তা দেয়া যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রে জুনে অন্তত ১০টি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। যার মধ্যে টেক্সাস ও ফ্লোরিডা রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.