অবশেষে কথা রেখেছে তুরস্কের বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স। ঢাকায় আসলো টার্কিশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট।
ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৯টা ১৫ মিনেট অবতরন করেছে। ফ্লাইটটি আবার সকালেই যাত্রী নিয়ে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
এর আগে গত ৩ জুলাই থেকে ফ্লাইট চালানোর ঘোষনা দিয়েও সেটি বাতিল করেছিল। এয়ারলাইনসের ঢাকা অফিস থেকে জানা গেছে, টার্কিশ সিভিল অ্যাভিয়েশনের আকস্মিক সিদ্ধান্তের কারণে ৭ জুলাই পর্যন্ত বাংলাদেশে তাদের ফ্লাইট বাতিল করা হয়।
এ বিষয়ে এক বিবৃতিতে টার্কিশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, ‘যাত্রীসাধারণের স্বাস্থ্যসুরক্ষা ও মঙ্গল আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ইতিমধ্যে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং এর বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তুরস্ক ও দেশটির পতাকাবাহী সংস্থা টার্কিশ এয়ারলাইনস।
সাম্প্রতিক সময়ে সংক্রমণের পরিধি নিয়ন্ত্রণে আসতে থাকা দেশগুলোয় আবার বিমান চলাচলের পরিকল্পনা নেওয়া হয়। ফলে ঢাকা-ইস্তাম্বুল রুটে ৩ জুলাই থেকে প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালু করার প্রস্তুতি সম্পন্ন করে কর্তৃপক্ষ।
এরপর তুরস্কের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের করোনা পরিস্থিতির আকস্মিকতার পুনর্বিবেচনায় চলতি সপ্তাহে যাত্রী পরিবহনে সাময়িক বিরতি দেওয়ার নতুন নির্দেশনা এসেছে। এর ফলে ৩ থেকে ৭ জুলাই পর্যন্ত ঢাকা-ইস্তাম্বুল রুটের ফ্লাইট বাাতিল ঘোষণা করা হয়েছে।
টার্কিশ এয়ারলাইনস জানায়, তাদের ফ্লাইটের সব ধরনের প্রশ্ন ও আবেদন ০১৮৪৪০৫৯৯৬১ নম্বরে কল করে ও info@aeromate.com.bd ঠিকানায় ই–মেইল করতে হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক গ্রাহকেরা সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা +৯০৮৫০৩৩৩০৮৪৯ নম্বর ও https://bit.ly/2BwxUcn এ ওয়েবসাইট থেকে সেবা গ্রহণ করতে পারবেন।
