১৩ দিন ধরে দূতাবাসের সামনে ২৭ বাংলাদেশির অবস্থান, ভিয়েতনামের সেই সাপ্লাই এজেন্টের কাছে ফিরে যেতে চাপ!
মোটা পারিশ্রমিকের কথা বলে ভিয়েতনামে পাঠানো হয়েছে তাদের। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর কোনো কাজ দেয়া হয়নি। মাঝে ১৫ দিন কাজ করালেও বেতন দেয়নি। উল্টো দেশ থেকে টাকা পাঠানোর জন্য শারীরিক নির্যাতন চালিয়েছে দালালচক্র।
আধাপেট খেয়ে, না খেয়ে দিন পার করেছে প্রতারিত এসব কর্মী। এ অভিযোগ করেছেন প্রতারণার শিকার হয়ে দেশটিতে যাওয়া মাহবুব নামে এক কর্মী। তিনি বলেন, দেশটির হো চি মিন সিটির ডিংডং এলাকায় এভাবেই রাখা হয়েছিল ১৫০ বাংলাদেশি শ্রমিককে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেয়া হয়।
ভিয়েতনাম যাবার সময় কর্মীদের স্ব স্ব রিক্রুটিং এজেন্সি অফিস থেকে ৫০০ ইউএস ডলার হাতে দিয়ে বলেন, ভিয়েতনাম বিমানবন্দর থেকে তাদেরকে রিসিভ করতে আসা বাংলাদেশি দালালদের হাতে ডলারগুলো প্রদান করতে হবে।
এজেন্সির প্রস্তাবে কেউ ডলার বহনে রাজি না হলে এজেন্সি অফিস থেকে হুমকি দিয়ে বলেন তাহলে তোমাদের ফ্লাইট বাতিল করা হবে। কর্মীরা উপায়ান্তুর না পেয়ে ভয়ে ডলার বহন করেন। এদিকে ভিয়েতনামে আরো অন্তত ৮০ বাংলাদেশি একই পরিণতি ভোগ করছেন বলে জানা গেছে। দেশটির গুনতাও এলাকাসহ বিভিন্ন স্থানে দালালদের ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছে।
গুনতাও ক্যাম্পে আটকে পড়াদের মধ্যে আছে ময়মনসিংহের ফরিদুল ইসলাম, আব্দুল হক, শহিদুল ইসলাম, আকরাম হোসেন, এরশাদ আলী, মুরসালিন মিয়া ও মুকসেদুল ইসলাম, চুয়াডাঙ্গার মিলন মিয়া, নরসিংদীর মো. জাহাঙ্গীর আলম, ফেনীর আবু সায়েম, মো. ইয়াসিন ও নোয়াখালীর নূর হোসেন। এর আগে একই পরিস্থিতির শিকার হয়ে ৩রা জুলাই ভিয়েতনাম থেকে ১১ বাংলাদেশি শূন্যহাতে দেশে ফেরত আসেন।
এ ব্যাপারে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ব্র্যাক। সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, ভিয়েতনাম থেকে ১১ বাংলাদেশি ফেরত আসার পরই জানতে পারি আরো অনেকেই দেশটিতে একই পরিণতির শিকার।
তারা দেশে ফিরতে চান। তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০১৩ ধারায় বলা আছে জনশক্তি ব্যুরোর ছাড়পত্র নিয়ে বিদেশগমন প্রতিটি বিপদগ্রস্ত কর্মীকে রিক্রুটিং এজেন্সি তার নিজ খরচে দেশে ফেরত আনতে বাধ্য। এই কর্মীরা সরকারের সব নিয়ম মেনে বিএমইটির ছাড়পত্র নিয়ে সেখানে গেছেন এবং সবার কাছেই স্মার্টকার্ড রয়েছে। এ ছাড়া কাজ না থাকা সত্ত্বেও ভিয়েতনাম পাঠানোর কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া উচিত।