সিরিয়ার কারাগারের বেসামরিক নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আসাদ সরকার সাধারণ মানুষকে জোড়পূর্বক বন্দীশালায় আটকে রেখেছে বলে দাবি করেছে ওয়াশিংটন।
তাদের জীবনের নিরাপত্তার কথা ভেবে দ্রুত মুক্তি দেয়া উচিত বলে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিরিয়ার জনগণের সুরক্ষার পাশাপাশি আসাদ সরকারের হাত থেকে মুক্তি পেতে দেশটির সংবিধান সংস্কারের প্রয়োজনের কথা প্রতিবেদনে উঠে এসেছে।
করোনা মহামারির মধ্যে তাদের পর্যাপ্ত স্বাস্থ্য সেবা নিশ্চিতে জাতিসংঘকে সুযোগ দেয়া উচিত বলেও মনে করে ওয়াশিংটন।
এদিকে, সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে এ পর্যন্ত ১৪ হাজার ৪০০ সিরিয়ান নাগরিক নির্যাতনের শিকার হয়েছে মৃত্যুবরণ করেছে বলে খবর প্রকাশ করেছে গণমাধ্যম।
যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস জানায়, প্রতিটি হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ পেয়েছে তারা।
এসব হত্যার ৯৮ শতাংশে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী জড়িত। ২০১১ সাল থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। এসব হত্যাকাণ্ড এবং সেখানে চলমান মানবাধিকার লঙ্ঘনের জন্য বিবদমান সবপক্ষকে দায়ী করা হচ্ছে। তবে সবচেয়ে ভয়ানক বলা হচ্ছে আসাদবাহিনীর নৃশংসতাকে।
৫২ জনকে নির্যাতন করে হত্যার জন্য তুর্কি সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসিডিএফকে দায়ী করা হয়েছে। ৪৩ জনকে হত্যার পেছনে দায়ী সিরিয়ান ন্যাশনাল আর্মি। নৃশংস নির্যাতনে ৩২ জনকে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। হায়াত তাহরির আল শামকে দায়ী করা হয় ২৬ জনকে হত্যার জন্য। বাকি ২১ জনকে অন্যান্য বিবদমানপক্ষগুলো হত্যা করেছে বলে উল্লেখ করা হয়।
নিহতদের মধ্যে, ৬৪ জন নারী, ১৭৯ শিশু রয়েছে। যাদের অধিকাংশকে বর্বর আসাদ বাহিনী হত্যা করেছে।
মানবাধিকার সংগঠনটি জানায়, বিরোধীদের উপর প্রতিশোধ নিতে সাধারণ মানুষকে হত্যা করা হয়। ৭২টি উপায়ে বন্দিদের উপর শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতন চালায় দেশটির সরকারি বাহিনী।
এছাড়া, বর্তমানে আটক বন্দিদের খুবই নিম্নমানের পরিবেশে রাখা হয়। যেখানে পয়ঃনিষ্কাষণ ব্যবস্থা খুবই নিম্নমানের। মাত্র ২৪ বর্গমিটারের একটি কক্ষে কমপক্ষে ৫০ জন বন্দিকে আটকে রাখা হচ্ছে।
সরকারবিরোধী পক্ষগুলোর দেয়া তথ্যের ভিত্তিতে বলা হয়, বর্তমানে ৫ লাখ মানুষ আসাদ সরকারের বন্দিশালায় আটক রয়েছে। বেশিরভাগ নাগরিককে জোরপূর্বক তুলে নিয়ে আটকে রাখা হয়েছে। এসব ব্যক্তি সম্পর্কে তাদের পরিবার বা কাছের মানুষরা কিছুই জানেন না।