জরিমানার বিনিময়ে দেশে ফেরার সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

জরিমানার বিনিময়ে দেশে ফেরার সুযোগ দিচ্ছে মালয়েশিয়া। অবৈধ বিদেশীদের ফেরাতে মালয়েশিয়া সরকার ঘোষিত ‘ব্যাক ফর গুড (বি-ফোর-জি)’ কর্মসূচির মেয়াদ শেষ হয় গত বছরের ডিসেম্বরে। তবে এর পরও দেশটিতে রয়ে গেছেন অনেক প্রবাসী বাংলাদেশী; ভিসার মেয়াদ শেষ হওয়ায় যারা এখন অবৈধ হয়ে পড়েছেন। এবার নির্দিষ্ট পরিমাণ অর্থ জরিমানা দিয়ে এসব অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার।

জানা গেছে, জরিমানা দিয়ে নিজ দেশে ফেরার সুযোগ পাবেন ছাত্র, পর্যটক ও ভ্রমণ ভিসায় গিয়ে অবৈধ হওয়া বিদেশীরা। তবে এ সুযোগ শুধু বাংলাদেশীদের জন্যই নয়, অন্যান্য দেশের অবৈধ হয়ে পড়া নাগরিকরাও এর আওতায় থাকবেন। গত সপ্তাহে এ ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার।

কুয়ালালামপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক খাইরুল দাজায়মি দাউদ বলেন, মালয়েশিয়ায় যারা এক বছরের কম সময় অবৈধভাবে বসবাস করছেন, তারা ১ হাজার রিঙ্গিত ও যারা এক বছরের বেশি সময় ধরে অবৈধভাবে বসবাস করছেন তারা ৩ হাজার রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন। এক্ষেত্রে জরিমানা দিয়ে বিশেষ পাস (স্পেশাল পাস) সংগ্রহ করতে হবে। আর ইমিগ্রেশন থেকে পাস সংগ্রহের সময় অবশ্যই সংশ্লিষ্ট দেশের নাগরিকদের উড়োজাহাজের রিকনফার্ম টিকিট দেখাতে হবে। পাশাপাশি দেখাতে হবে করোনা নেগেটিভ সনদ।

এর আগে গত বছর ১ আগস্ট থেকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অবৈধ প্রবাসীদের ফেরাতে ‘ব্যাক ফর গুড (বি-ফোর-জি)’ কর্মসূচির আওতায় সাধারণ ক্ষমা কার্যকর করা শুরু করে। এর মেয়াদ শেষ হয় গত ৩১ ডিসেম্বর। ওই সময় সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে অবৈধ হয়ে পড়া অনেক বাংলাদেশী দেশে ফেরেন।

খাতসংশ্লিষ্টরা বলছেন, নভেল করোনাভাইরাসের সংক্রমণে অন্য দেশের মতো মালয়েশিয়ার অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতির শিকার।

জানা গেছে, মালয়েশিয়া সরকারের নতুন গাইডলাইন অনুযায়ী এখন থেকে শুধু নির্মাণকাজ, কৃষিকাজ ও বাগানের কাজে বিদেশী শ্রমিকদের নিয়োগ দেয়া হবে। অন্য খাতগুলোতে কাজ করবেন মালয়েশীয়রাই।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.