ধনী অ্যাথলিটের তালিকায় টেনিসের মেয়েদের রাজত্ব

খেলাধুলার জগতে সর্বোচ্চ আয়কারী নারীদের মধ্যে আবার রাজত্বটা টেনিসেরই। যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সাময়িকী ফোর্বসের সমীক্ষামতে, গত এক বছরে সর্বোচ্চ আয়কারী ৯ অ্যাথলিটের সবাই টেনিস তারকা!

গত এক বছরে নারী অ্যাথলিটদের মধ্যে সর্বোচ্চ ৩ কোটি ৭৪ লাখ ডলার আয় করেছেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। ৩ কোটি ৬০ লাখ ডলার আয় করে তার পরেই আছেন ২৩ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। ১ কোটি ৩১ লাখ ডলার আয় করে তৃতীয় স্থানে বিশ্বের এক নম্বর খেলোয়াড় অস্ট্রেলিয়ার অ্যাশলেই বার্টি।

নারী অ্যাথলিটদের সেরা দশ আয়কারীর তালিকায় টেনিসের বাইরে থেকে রয়েছেন শুধুই যুক্তরাষ্ট্রের ফুটবলার অ্যালেক্স মর্গান। ৪৬ লাখ ডলার আয় করে তিনি তালিকার দশম স্থানে। গত মে মাসে প্রথম সন্তানের মা হওয়া মর্গান গত এক বছরে (১ জুন ২০১৯ থেকে ১ জুন ২০২০) এনডোর্সমেন্ট থেকে আয় করেছেন ৪২ লাখ ডলার।

যুক্তরাষ্ট্র নারী ফুটবল দল পুরুষ ফুটবল দলের মতো সমান পারিশ্রমিক দাবি করে আদালতে যায়। এক বিচারক তাদের বিপক্ষে রায় দিলেও পরে আপিল করেছেন নারীরা।

২০১৫ সালে রুশ তারকা মারিয়া শারাপোভা এক বছরে ২ কোটি ৯৭ লাখ ডলার আয় করে রেকর্ড গড়েছিলেন। গত এক বছরে তার সেই রেকর্ড ভেঙেছেন ওসাকা ও ভেনাস দুজনই।

মে মাসে নারী পুরুষ মিলিয়ে বিশ্বে সর্বোচ্চ আয়কারী ১০০ অ্যাথলিটের তালিকায় ওসাকা ২৯তম ও ভেনাস ৩৩তম হয়েছিলেন।

সূত্র: বিবিসি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.