ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাণ্ডব চলছেই, বাসিন্দাদের বাড়ি ছাড়ার নির্দেশ

শত শত স্থানে দাবানল পুড়িয়ে ছাই করে দিচ্ছে মধ্য ও উত্তর ক্যালিফোর্নিয়াকে। প্রচণ্ড দাবদাহ ও হাজার হাজার বজ্রপাতের কারণে সৃষ্ট এই দাবানল থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ দাবানলে শুক্রবার পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় ছয়জনের মৃত্যু হয়েছে।

এটি রাজ্যের ইতিহাসে অন্যতম বৃহৎ বিপর্যয়। ছোট ছোট শহরগুলো আগুনের লেলিহান শিখার সামনে অসহায়। ভয়ংকর মুহূর্ত আখ্যা দিয়ে বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের গভর্নর।

গত সপ্তাহে সৃষ্টি হওয়া অগ্নিকাণ্ড যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড রাজ্যের সমান এলাকা পুড়িয়ে রীতিমতো কালো করে ফেলেছে। এছাড়া পাঁচশরও বেশি বাড়ি আর অন্যান্য স্থাপনা ধ্বংস করেছে। ছয়জনের মৃত্যুর ঘটনা ছাড়াও দমকলবাহিনীর কর্মীসহ ৪৩ জন আহত হয়েছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম জানান, দমকল বাহিনীর কর্মীরা রাজ্যজুড়ে ৫৬০টির মতো অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করে যাচ্ছেন, যার বেশিরভাগই সৃষ্টি হয়েছে বজ্রপাত থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কানাডা ও অস্ট্রেলিয়ার সাহায্য চেয়েছেন নিউসাম। উল্লেখ্য, গত বছর অস্ট্রেলিয়ায় গত বছর ইতিহাসের সবচেয়ে প্রলয়ংকারী দাবানলে কোটি কোটি বন্যপ্রাণী মারা যায়। তাদের অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে ক্যালিফোর্নিয়া।

এক নিউজ ব্রিফিংকালে ডেমোক্র্যাটিক নেতা নিউসাম বলেন, পরিস্থিতির বিবেচনায় আমরা কোনো পদক্ষেপ নিতেই দ্বিধা করছি না, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিতে হবে এবং সব কাজকেই বেশ গুরুত্বের সঙ্গে নিতে হবে।

প্রচণ্ড দাবদাহের কারণে ক্যালিফোর্নিয়াজুড়ে সম্প্রতি প্রায় এক হাজার ২০০ বজ্রপাতের ঘটনা ঘটেছে এবং এসব বজ্রপাত অগ্নিকাণ্ডের সৃষ্টি করেছে। বিগত দুই দশকের মধ্যে সেখানে এত বেশি বজ্রপাতের ঘটনা ঘটেনি। বজ্রপাতের কারণে ছড়িয়ে পড়া আগুন থেকে দাবানল সৃষ্টি হয়েছে, যার কারণে রাজ্যের প্রায় ১ লাখ ৭৫ হাজার মানুষকে নিজ বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে বলা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার মধ্য উপকূলের শহর সান্তা ক্রুজে ৬৫ হাজার আমেরিকানের বসবাস। এ শহরটির ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এক মাইলের মধ্যে আগুন চলে আসায় বুলডোজার দিয়ে আগুনের লাইনকে বিচ্ছিন্ন করতে হয়েছে, ফলে আগেই শহরের বাসিন্দাদের তল্পিতল্পাসহ অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, বিগ বেসিন রেডউড স্টেট পার্কে আগুনের তাণ্ডবের মধ্যে অনাগত দাঁড়িয়ে আছে দুই হাজার বছরের পুরনো বৃক্ষ রেডউড।

পালো আলতো ও স্যাক্রামেন্টোর দক্ষিণে ওয়াইন কাউন্টিতে আঘাত হানা এলএনইউ লাইটনিং নামের আগুনের গুচ্ছ রাজ্যটির ইতিহাসে যথাক্রমে সপ্তম ও দশম বৃহত্তম বলে জানায় ক্যালিফোর্নিয়ার দমকল এজেন্সি কল ফায়ার। তারা সতর্ক করে দিয়ে বলেছে, রোববার আরো কিছু বজ্র-ঝড় দেখা যেতে পারে।

সূত্র: রয়টার্স

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.