করোনাকালীন তৈরি পোশাকের ক্রয়াদেশ বাতিল করা মার্কিন প্রতিষ্ঠানের তালিকা পাঠালে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো অপারেশন ফোরাম এগ্রিমেন্টের (টিকফা) ইন্টার সেশনাল সভায় এ প্রতিশ্রুতি দেন মার্কিন প্রতিনিধিরা। এসময় প্রতি তিন থেকে চার মাস পর টিকফার ইন্টার সেশনাল সভা করার প্রস্তাবও দিয়েছেন তারা।
গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে অনলাইন প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীনের নেতৃত্বে ২৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেন। আর দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ক্রিস উইলসনের নেতৃত্বে যুক্ত ছিলেন ১৩ সদস্যের প্রতিনিধি।
পরে বৈঠকের ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে প্রতি তিন থেকে চার মাস পর টিকফার ইন্টার সেশনাল সভা করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। করোনাকালীন যেসব মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান তৈরি পোশাকের ক্রয়াদেশ বাতিল করেছে, সেগুলোর তালিকা পাঠালে এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার সহযোগিতা করবে।
সভায় যুক্তরাষ্ট্র কর্তৃক স্থগিত হওয়া বাংলাদেশের জিএসপি সুবিধা পুনরায় চালুর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে, মার্কিন প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, পূর্বঘোষিত বিভিন্ন দেশের জন্য মার্কিন জিএসপি সুবিধা প্রদান প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে, পরবর্তী প্রকল্প চালু হলে বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়ার বিষয় বিবেচনা করার সুযোগ আছে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাংলাদেশের পক্ষ থেকে তৈরি পোশাক, লাইট ইঞ্জিনিয়ারিং, হেলথ প্রোডাক্ট রফতানি, দুর্যোগকালে তৈরি পোশাকের ক্রয়াদেশ বাতিল না করা, ভ্যাকসিনসহ অন্যান্য মেডিকেল সামগ্রী উৎপাদন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিল্প কারখানা বাংলাদেশে রিলোকেশন, কারিগরি সহযোগিতা বৃদ্ধিসহ বেশ কিছু বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, টিকফার ৬ষ্ঠ সভা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।