১৮ বছরের মধ্যে প্রথম লোকসানে এয়ার নিউজিল্যান্ড

এভিয়েশন নিউজ ডেস্ক : কোভিড-১৯-এর ধাক্কায় ১৮ বছরের মধ্যে প্রথম লোকসানে পড়েছে এয়ার নিউজিল্যান্ড। বার্ষিক ৪৫ কোটি ৪০ লাখ নিউজিল্যান্ড ডলার নিট লোকসান গুনেছে সংস্থাটি। বৃহস্পতিবার  এক ঘোষণায় এ তথ্য জানায় নিউজিল্যান্ডের ফ্ল্যাগ ক্যারিয়ারটি। খবর এএফপি।

বেশির ভাগ দেশের সীমান্ত বন্ধ থাকায় এবং উড়োজাহাজ সংস্থাটির বহর সংকোচন ও কর্মী ছাঁটাইয়ের ব্যয়ভার বহনে এয়ার নিউজিল্যান্ডের ৪৫ কোটি ৪০ লাখ নিউজিল্যান্ড ডলার লোকসান হয়েছে। চলতি অর্থবছরের সর্বশেষ প্রান্তিকে এয়ার নিউজিল্যান্ডের আয় কমেছে ৭৪ শতাংশ। গত ৩০ জুন অব্যবহিতপূর্ব ১২ মাসের মধ্যে উড়োজাহাজ সংস্থাটি ওই লোকসান গুনেছে।

এর আগে এয়ার নিউজিল্যান্ড জানিয়েছিল, মহামারীর প্রভাবে তাদের ১২ হাজার ৫০০ কর্মী বাহিনীর অন্তত এক-তৃতীয়াংশ ছাঁটাই হতে পারে। গত এপ্রিল থেকে জুনে উড়োজাহাজ সংস্থাটির মাসিক ১৭ কোটি ৫০ লাখ নিউজিল্যান্ড ডলার ব্যয় হয়েছে। মাসিক ব্যয় ৬ কোটি ৫০ লাখ নিউজিল্যান্ড ডলারে নিয়ে আসতে চাইছে তারা।

ভ্রমণে বিধিনিষেধ কবে উঠবে, সে ব্যাপারে অনিশ্চয়তার কারণে আসন্ন অর্থবছরের জন্য সুনির্দিষ্ট আয় নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে এয়ার নিউজিল্যান্ড।

তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে ২০২১ সালে লোকসান গুনবে নিউজিল্যান্ডের এ ফ্ল্যাগ ক্যারিয়ার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.