পর্তুগাল সরকার তাদের জনগণের স্বার্থরক্ষায় একের পর এক সুন্দর বাস্তবসম্মত সিদ্ধান্ত নিচ্ছেন। করোনাভাইরাস মোকাবেলায় তাদের পদক্ষেপগুলো বিশ্বব্যাপী প্রশংসনীয় হয়েছে।
এর ধারাবাহিকতায় ২৭ আগস্ট মন্ত্রিসভার এক বৈঠকের পর স্টেট অব প্রেসিডেন্সি মন্ত্রী মারিয়ানা ভিয়েইরা সিলভা জানিয়েছেন, করোনাভাইরাস আক্রান্ত হলে সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত কর্মজীবীদের আইসোলেশনে থাকতে হবে এবং তাদের মোট বেতনের ১০০ শতাংশ অসুস্থতা ভাতা প্রদান করা হবে।
এ প্রক্রিয়াটি কর্মচারী মালিক সবার জন্য প্রযোজ্য হবে ২৫ জুলাই থেকে। এ সিদ্ধান্তের কারণে আমাদের পর্তুগালে অবস্থিত বিপুল পরিমাণ প্রবাসী কর্মজীবীদের জন্য সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, পূর্বে পর্তুগালে কোনো কর্মজীবী অসুস্থতার কারণে কাজ করতে অক্ষম হলে তাকে মোট বেতনের ৫৫ শতাংশ সোশ্যাল সিকিউরিটি প্রদান করা হতো। এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তজনিত অসুস্থতার জন্য একই প্রক্রিয়া বিদ্যমান ছিল।
বর্তমান সিদ্ধান্তের ফলে কর্মস্থলে অনুপস্থিত থেকেও এখন কর্মজীবীরা মোট বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। ২৫ জুলাই করোনাভাইরাসের পরিপূরক বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল তবে আইন না থাকার কারণে এটি কার্যকর করা যায়নি।
মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পর্তুগালে দেশব্যাপী নতুন সতর্কতা জারি করা হচ্ছে তবে রাজধানী লিসবনসহ এর আশপাশের অঞ্চলগুলোতে পূর্বের জারিকৃত সতর্কাবস্থা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।