‘যারা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরবেন, তাদেরও টেস্ট করতে হবে’

করোনাভাইরাস মোকাবিলায় যারা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরবেন, বিমানবন্দরগুলোতে তাদেরও টেস্ট করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।

বিদেশে করোনার দ্বিতীয় ঢেউ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সুপারিশ করা হবেও বলে জানান মন্ত্রী।

করোনার দ্বিতীয় ঢেউ আসছে বেশ জোরেশোরেই।
যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশ এর মধ্যেই লকডাউন কার্যকর করেছে। কড়াকড়ি জারি করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর।

দেশে গত মার্চ মাসে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পরও বেশ কিছুদিন আন্তর্জাতিক ফ্লাইটে বিমান চলাচল অব্যাহত ছিল।
সংক্রমণ ছড়িয়ে পড়ার পেছনে প্রবাসীদের প্রবেশে শিথিলতাকেও অনেকাংশে দায়ী করা হয়।
এ অবস্থায় এবার শুরু থেকেই কড়াকড়ি করা হবে, এমনকি নেগেটিভ সনদ নিয়ে যারা আসবেন, তাদেরও টেস্ট করা হবে বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.