নির্দেশনা না পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলবে: বিমান প্রতিমন্ত্রী

বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে বিমানের ফ্লাইট যেভাবে চলছে সেভাবেই চলবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নিরাপত্তা মহড়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

শাহজালাল বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। সেখানে ফ্লাইটে বোম থ্রেট কীভাবে মোকাবেলা করা হয়- তা দেখানো হয়। পাশাপাশি যাত্রী ও উড়োজাহাজকে নিরাপদ রাখতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রম পরিচালনা করে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার করোনা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করার প্রয়োজন হলে বন্ধ করা হবে।

যুক্তরাজ্য থেকে ফেরা যাত্রীদের কোয়ারেন্টিন বিষয়ে মাহবুব আলী বলেন, সবার জন্য পিসিআর টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক। একইসঙ্গে ৭ দিনের কোয়ারেন্টিন। বিমানবন্দর কর্তৃপক্ষ যুক্তরাজ্যফেরত যাত্রীদের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.