প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার ফেসবুকের পর এবার ইউটিউব চ্যানেলও সাময়িকভাবে স্থগিত করল ইউটিউব কর্তৃপক্ষ।
ইউটিউব সাময়িকভাবে স্থগিত পদক্ষেপের কারণ হিসেবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ জানুয়ারি ক্যাপিটল হিল হামলায় উসকানি দেওয়ার মাধ্যমে ইউটিউবের নীতিমালা লঙ্ঘন করেছেন ট্রাম্প।
ইউটিউব কর্তৃপক্ষ এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, আগামী সাত দিনের জন্য এই চ্যানেলটিতে কোনো কিছু আপলোড করা বা এর মাধ্যমে কোনো ধরনের সরাসরি সম্প্রচার করা যাবে না। একই সঙ্গে চ্যানেলটিতে থাকা বিভিন্ন ভিডিওর নিচে মন্তব্য করার সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে।
রয়টার্স জানায়, ডোনাল্ড ট্রাম্পের এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইউটিউব এই সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সম্মেলনে দেওয়া ওই বক্তব্য গতকাল মঙ্গলবার সকালে ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয়। এর পর বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এই চ্যানেলটি সরিয়ে নেওয়ার দাবি ওঠে। তা না করা হলে ইউটিউব বর্জনেরও হুমকি দেয় সংগঠনগুলো। এর পরপরই ইউটিউব কর্তৃপক্ষ তাঁর চ্যানেলটি স্থগিত করার ঘোষণা দেয়।