সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প কত টাকা পেনশন পাবেন

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে একদিন আগে বিদায় নিয়েছেন। আর জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। ট্রাম্প প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নিলেও সাবেক প্রেসিডেন্টদের মতোই সকল সুযোগ সুবিধা পাবেন।

সিএনএন জানিয়েছে, পেনশন হিসেবে ট্রাম্প বাৎসরিক ২ লাখ ২১ হাজার ৪০০ ডলার পাবেন। পাবেন স্বাস্থ্য বীমা। এ ছাড়াও অভিজাত এলাকায় অফিস পরিচালনার যাবতীয় খরচ এবং ওই অফিসের কর্মীদের খরচও সরকার বহন করবে। ভ্রমণ ও টেলিফোন খরচ বাবদ বছরে সর্বোচ্চ ১০ লাখ ডলার ভাতা পাবেন সাবেক হওয়া এই প্রেসিডেন্ট।

সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পাবেন সাবেক প্রেসিডেন্টের পরিবারের সদস্যরা।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ইমপিচমেন্টের বিষয়টি সিনেটে রয়েছে। সেটি কার্যকর হলে ট্রাম্প এ অর্থ পাবেন কিনা তা নিশ্চিত নয়। এর আগে বারাক ওবামা বাৎসরিক ২ লাখ ৭ হাজার ৮০০ ডলার পেনশন পেয়েছিলেন।

অফিস ভাড়া কত হবে তার কোনো সীমা নেই। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা বছরে ৫ লাখ ডলারের বেশি ভাড়া নিয়েছেন। তবে জিমি কার্টার বছরে শুধুমাত্র ১ লাখ ১৮ হাজার ডলার নিয়েছেন।

যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় বার্ষিক ৪ লাখ ডলার বেতন পান। এ ছাড়া নানা সুযোগ সুবিধাও পেয়ে থাকেন।

১৯৫৮ সালে সাবেক প্রেসিডেন্টদের জন্য পেনশনের রীতি চালু হয়। প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান দায়িত্ব ছাড়ার পর এক সময় আর্থিক সংকটে পড়েছিলেন। তখন থেকেই এই রীতি চালু হয়। এখন একজন প্রেসিডেন্ট যে পেনশন পান তা মন্ত্রিপরিষদ সচিবের বেতনের সমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.