প্রেসিডেন্ট জো বাইডেন করোনা মোকাবেলায় ১০ নির্বাহী আদেশে সই করলেন।
যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরদিনই কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় ১০ নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির।
এসব বিধি নিষেধ মেনে চললে এবং জনগণ যদি ঐক্যমত হয় তবে এই মহামারী কয়েক মাসের মধ্যেই মোকাবেলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বাইডেন।
করোনা মোকাবেলায় ১০ টি উদ্যোগের মধ্যে রয়েছে- করোনার ভ্যাকসিনের ব্যবহার বাড়ানো, করোনার চিকিৎসা সামগ্রীর উৎপাদন বৃদ্ধি এবং মাস্কের ব্যবহারে আরও কড়াকড়ি আরোপ করা।
জো বাইডেন এই ব্যাবস্থাগুলোকে খুবই বাস্তবসম্মত উদ্যোগ বলে অভিহিত করেছেন। ‘বিষয়টি আমাকে স্পষ্ট করতে দিন। পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আগেই ব্যবস্থা নিতে দিন। ‘
‘শক্ত বাস্তবমুখী পদক্ষেপ’ নেওয়া হচ্ছে জানিয়ে বাইডেন বলেন, ‘এটা সস্তায় হবে না। পরিস্কার করে বলতে চাই, পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত ব্যাপক কড়াকড়ি থাকবে।’
নতুন মার্কিন প্রেসিডেন্ট আশঙ্কা করছেন, সামনের মাসেই যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে মোট মৃত্যু পাঁচ লাখ ছাড়ানোর। তাই দেশটির কোভিড বাস্তবতাকে ‘যুদ্ধকালীন পরিস্থিতি বলে বিবেচনা করা হচ্ছে’ বলে জানিয়েছেন তিনি। করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণহানি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে যাওয়ার কথা উল্লেখ করেন তিনি।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, আজ পর্যন্ত মহামারী করোনায় যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪৫ লাখেরও বেশি মানুষ।