ট্রাম্প নেই, আমি স্বাধীন : ড. অ্যান্থনি ফাউচি
মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে জানান, করোনা ভাইরাস মহামারী এবং এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে এখন থেকে স্বাধীনভাবে মন্তব্য করতে পারবেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও সদ্য প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে কাজ করার ভিন্নতা সম্পর্কে ফাউচি এই মন্তব্য করেন। -সিএনএন, দ্য গার্ডিয়ান
ফাউচি বলেন, হাইড্রক্সিক্লোরোকুইন বা এ জাতীয় অন্যান্য বিষয়গুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। প্রেসিডেন্টের সঙ্গে মহামারী পরিস্থিতিতে এমন মৌলিক বিষয়গুলো নিয়ে বিবাদ আমি পছন্দ করি না। এখন থেকে যার বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে আমি তাই বলবো। তাই নিজকে স্বাধীন মনে হচ্ছে।
ফাউচি আরও জানান, এখানে আসার ১৫ মিনিট আগে আমারা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা বলছি। আমরা বলেছি আমরা সব সময় স্বচ্ছ ও সৎ থাকবো। যদি কোনো ভুল হয় তার দিকে আঙ্গুল না তুলে তা সংশোধন করবো। আমরা যা করবো তা বিজ্ঞান ও প্রমাণের ভিত্তিতে করবো।
জো বাইডেন বৃহস্পতিবার নিজের করোনা ভাইরাস নিয়ন্ত্রণ পরিকল্পনা প্রকাশ করে বলেছেন, আমাদের জাতীয় কৌশল হবে সার্বজনীন। এর ভিত্তি হবে বিজ্ঞান, রাজনীতি নয়, এটি সত্য বলবে, অস্বীকার করবে না, যা বলবে তা বিস্তারিত বলবে।