করোনায় ৬ লাখ আমেরিকান মারা যেতে পারেন : বাইডেন

সদ্য শপথ নেয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে অন্তত ছয় লাখ আমেরিকান প্রাণ হারাতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন ।

শুক্রবার হোয়াইট হাউসে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। বাইডেন বলেন, আমরা এখন করোনা মহামারীর কারণে একটি জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। খবর আনাদোলুর।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, কোভিডকে যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি বলে বিবেচনা করা হচ্ছে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও এই মহামারীতে বেশি মানুষের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিয়ত নতুন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এ জন্য আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে এ মহামারীকে প্রতিরোধ করা।

তিনি বলেনএই মহামারী রুখতে হয়তো কয়েক মাস লেগে যাবে। তবে নির্দেশনা অনুযায়ী আমেরিকানরা সবাই বুঝে চললে পরিত্রাণ মিলতে পারে।

আগামী ১০০ দিনের মধ্যে স্কুল খোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর এই সময়ের মধ্যে অন্তত ১০ কোটি মানুষকে দেওয়া হবে করোনার টিকা। এজন্য স্টেডিয়াম ও কমিউনিটি কেন্দ্রগুলোকে টিকাদান কেন্দ্র বানানো হবে।

গত বুধবার বাইডেনের শপথ গ্রহণের দিন যুক্তরাষ্ট্রে করোনায় ৪ হাজার ৩৭৭ জন মারা যায়। এ পরিস্থিতি সামাল দেয়াই এখন বাইডেন প্রশাসনের প্রধান কাজ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.