ভারত চিরবৈরী প্রতিবেশী চীন ও পাকিস্তানকে প্রতিরোধে যুক্তরাষ্ট্র থেকে ত্রিশটি সশস্ত্র ড্রোন কিনতে যাচ্ছে । এ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এনডিটিভি ও ব্লুমবার্গ এমন খবর দিয়েছে।
আগামী মাসে ৩০০ কোটি মার্কিন ডলারের ৩০টি এমকিউ-৯বি প্রিডেটর ড্রোন ক্রয়ে অনুমোদন দেবে দক্ষিণ এশিয়ার দেশটি। এসব অস্ত্র সান-ডিয়াগোভিত্তিক জেনারেল অ্যাটোমিকস নির্মাণ করেছে। এমকিউ-৯বি ড্রোন একটানা ৪৮ ঘণ্টা উড়তে পারে আর এক হাজার ৭০০ কিলোগ্রাম বিস্ফোরক বহন করতে পারে। এতে সহজে ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে চীনা যুদ্ধজাহাজ পর্যবেক্ষণ করতে পারবে। এছাড়া হিমালয় অঞ্চলে ভারত-পাকিস্তান সীমান্তে লক্ষ্যবস্তু নির্ধারণে সেনাবাহিনীকে সহায়তা করতে পারবে।
ভারতের কাছে এখন যেসব ড্রোন আছে, তা নজরদারি ও শত্রুপক্ষের অবস্থান নির্ণয়ে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্র থেকে নতুন করে এসব ড্রোন আনা হলে তা দেশটির সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলতে পারবে।
চীন-পাকিস্তান সব পরিস্থিতির বন্ধু হলেও দুই দেশই ভারতের চিরশত্রু। এই শত্রুদের সঙ্গে উত্তেজনার মধ্যেই আকাশ ও স্থলপথে নিজের শক্তি বাড়াচ্ছে ভারত।
যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিরক্ষা অংশীদার হিসেবে আবির্ভূত হচ্ছে ভারত। বিশেষ করে ভারত মহাসাগর ও দক্ষিণপূর্ব এশিয়ার কিছু অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় দুদেশকে একজায়গায় নিয়ে এসেছে।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এক দশকের মধ্যে ২৫ হাজার কোটি মার্কিন ডলারের সামরিক আধুনিকায়নের পথে আছে।