অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় ঝুঁকির চেয়ে উপকার অনেক বেশি বলে আবারও আশ্বস্ত করেছেন ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের নীতিনির্ধারকরা।
তাদের তদন্তে আত্মবিশ্বাস ফিরতে শুরু করেছে টিকাদান স্থগিত রাখা দেশগুলোতে।
ইতোমধ্যেই এই কার্যক্রম আবারও শুরু করার ঘোষণা দিয়েছে জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলো।
সম্প্রতি অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের পর বেশ কয়েকজনের মস্তিষ্কে রক্তজমাট বাঁধার খবরে এক ডজনেরও বেশি দেশ সেটির ব্যবহার স্থগিত ঘোষণা করে।
তবে কোটি কোটি টিকাগ্রহণকারীর মধ্যে মাত্র ৩০ জনের শরীরে এই ধরনের বিরল সমস্যা দেখা দেওয়ার ঘটনা তদন্ত করে ইউরোপীয় ওষুধ সংস্থা (ইএমএ) চূড়ান্ত ঘোষণা দিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকায় ঝুঁকির চেয়ে উপকারই বেশি।
অবশ্য টিকাগ্রহণের সঙ্গে রক্তজমাট বাঁধার যোগসূত্র থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও জানিয়েছে তারা।