চার্টার্ড ফ্লাইটে লিবিয়ার বেনগাজি থেকে দেশে ফিরছেন ১৬০ প্রবাসী

মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবের মাঝে লিবিয়া থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক অভিবাসীদের মধ্যে ১৬০ জন দেশে ফিরছেন।

বুধবার (৫ মে) লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানিয়েছে।

দেশটির দূতাবাস থেকে এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে, লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এমন অভিবাসীদের পর্যায়ক্রমে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র সহযোগিতায় পাঠানো হচ্ছে। এরই অংশ হিসেবে একটি চার্টার্ড ফ্লাইটে বেনগাজি থেকে মোট ১৬০ জনকে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হয়েছে।

দূতাবাস আরও জানায়, ‘আইওএমের চার্টার্ডকৃত বুরাক এয়ারের ফ্লাইটটি (ইউজেড২২০) বেনিনা বিমানবন্দর থেকে ৪ মে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে উড্ডয়ন করেছে এবং বুধবার বাংলাদেশ সময় আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

লিবিয়ায় মারা যাওয়া একজন বাংলাদেশি নাগরিকের লাশও ওই ফ্লাইটে বাংলাদেশে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে দেশটির দূতাবাস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.