পাকিস্তানে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূতের মেয়েকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা অপহরণ ও নির্যাতন করেছে বলে দাবি করেছে আফগান সরকার।
শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রদূত নাজিব আলিখিলের মেয়ে সিলসিলা আলিখিলকে শুক্রবার বাড়ি ফেরার পথে অপহৃত এবং নির্যাতনের শিকার হয়।
তবে ইসলামাবাদে হওয়া ওই অপহরণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
অপহরণকারীদের কাছ থেকে ছাড়া পেয়ে মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়ে তদন্ত ও আফগান কূটনীতিকদের নিরাপত্তার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।
ওই বিবৃতিতে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন ঘৃণ্য ঘটনার’ তীব্র প্রতিবাদ এবং কূটনীতিক, তাদের পরিবার ও কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
