আগামী শনিবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীরা করোনাভাইরাস পরীক্ষা করে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিমানবন্দরে ল্যাব বসানোর কাজ দ্রুততম সময়ে করার জন্য আমি নিজে গত পরশু এসে জায়গা নির্ধারণ করে দিয়ে গেছি।
আশা করছি আজ (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যেই অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে।
বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে।
এ নিয়ে স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট সব কর্মকর্তারাই অক্লান্ত পরিশ্রম করছেন।
সব ঠিক থাকলে আগামী পরশু, শনিবারের মধ্যেই বিদেশগামীরা এই পিসিআর ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন।