প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্ট তথা ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আর সেই উচ্ছ্বাসের মধ্যেই হঠাৎ যেন কালো মেঘ ভর করেছে।
মালয়েশিয়ায় আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্ব খেলতে গত শনিবার দেশ ছেড়েছে বাংলাদেশ নারী দল।
তবে সে দলে জায়গা হয়নি জাহানারা আলমের।
তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।
কিন্তু নারী দল মালয়েশিয়া পৌঁছানোর আগেই ক্ষুব্ধ জাহানারা বিসিবিকে একটি চিঠি দিয়েছেন।
অভিযোগপত্রে তিনি লিখেছেন নিজের অসন্তুষ্টির কথা।
চিঠির সত্যতা নিশ্চিত করলেও ঠিক কী কারণে ক্ষুব্ধ হয়ে জাহানারা এই অভিযোগপত্র দিয়েছেন, সেটি পরিষ্কার করেনি ক্রিকেট বোর্ড।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জাহানারার মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে পাওয়া চিঠি গুরুত্ব সহকারে দেখবে বোর্ড।
এদিকে জাহানার চিঠির বিষয়টি সামনে আসতেই নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, জাহানারার কিছু শৃঙ্খলাজনিত সমস্যা ছিল। জিম্বাবুয়েতে কোচ, ক্রিকেটারদের সঙ্গে সে যে আচরণ করেছে, সেটার জন্য ও আরও কঠিন শাস্তি পেতে পারত।
আমরা শুধু সতর্ক করার জন্যই তাকে বাদ দিয়েছি।