‘ডেমোক্র্যাটরা কৃষ্ণাঙ্গদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আসছে’

0b15244e0fc7c930397f2581fe144afc-1-1-2016-08-17T101954Z_334215542_S1AETVYCKOAA_RTRMADP_3_USA-ELECTION-TRUMPযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কৃষ্ণাঙ্গ ভোটারদের মন জয়ে এই প্রথমবারের মতো বক্তৃতায় তাদের বঞ্চনার কথা বললেন। আর তাদের বঞ্চনার জন্য ডেমোক্রেটিক দলের ‘বিশ্বাসঘাতকতা’কে দায়ী করলেন তিনি। দেশটির আফ্রিকান-আমেরিকান সংখ্যালঘুদের বিষয়ে ট্রাম্পের এই প্রচেষ্টা মার্কিন নাগরিকদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে।
অন্যদিকে, ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণার জন্য দলের ব্যবস্থাপক হিসেবে তাঁর জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিয়ানে কনওয়েকে নিয়োগ দিয়েছেন। আর দক্ষিণপন্থী ওয়েবসাইট ব্রেইটবার্ট নিউজের নির্বাহী চেয়ারম্যান স্টিফেন ব্যানন প্রচারণা দলের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন। নতুন এসব নিয়োগের ফলে প্রচারণা দলের চেয়ারম্যান পল ম্যানাফোর্টের ক্ষমতা খর্ব করা হলো বলে মনে করা হচ্ছে। যদিও ম্যানাফোর্ট তাঁর দায়িত্বে রয়ে গেছেন।
গত মঙ্গলবার উইসকনসিন অঙ্গরাজ্যে এক সমাবেশে ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা আফ্রিকান-আমেরিকানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। প্রেসিডেন্ট হলে এই জনগোষ্ঠীর জন্য করণীয় সম্পর্কেও জানান দেন ধনকুবের এই প্রার্থী।
ট্রাম্পের এই বক্তব্যের পর মনে করা হচ্ছে, তিনি তাঁর মুখ্য সমর্থক কর্মজীবী শ্বেতাঙ্গ ভোটারের বাইরে সমর্থনের পরিধি বাড়াতে সচেষ্ট। ভাষণে ট্রাম্প বলেন, ‘আমি এ দেশে প্রতিনিয়ত লড়াই করা আফ্রিকান-আমেরিকান প্রতিটি ভোটারের ভোট প্রার্থনা করছি। এসব নাগরিক একটি ভিন্ন ধরনের জীবন ও উন্নত ভবিষ্যৎ চান। আমাদের সমাজকে সহজ ও জটিল সত্যিগুলোকে মেনে নিতে হবে। তা মেনে নেওয়ার এটাই সময়।’

ট্রাম্প বলেন, ‘ডেমোক্রেটিক পার্টি আফ্রিকান-আমেরিকান উন্নয়নে ব্যর্থ হয়েছে, তারা এই সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গরা সাধারণত ডেমোক্রেটিক পার্টিকেই ভোট দেয়। এবারের নির্বাচনেও এই জনগোষ্ঠীর মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থন ট্রাম্পের চেয়ে অনেক বেশি। কিন্তু ট্রাম্প অভিযোগ করে বলেন, ‘ডেমোক্র্যাটরা মনে করে আফ্রিকান-আমেরিকানদের ভোট তাদের নিজস্ব। ওদের ধারণা, এই সম্প্রদায়ের ভোট তারা পাবেই কিন্তু বিনিময়ে তাদের কিছুই দেবে না।’

গত সপ্তাহে এই উইসকনসিনের মিলাউকি শহরে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর এখানে সংঘাত শুরু হয়।

গত মঙ্গলবার আরও এক ধাপ এগিয়ে ট্রাম্প ঘোষণা দেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার পর সব ধরনের গোঁড়ামি বন্ধ করবেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন ট্রাম্প।

এই ট্রাম্পই দলের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের আসা নিষিদ্ধ করা এবং মেক্সিকোর অভিবাসী আসা রুখতে দেয়াল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.