ভারতে প্রথমবারের মতো বেসরকারিভাবে তৈরি রকেট ‘বিক্রম-এস’ উৎক্ষেপণ করা হয়েছে।
আজ শুক্রবার রাষ্ট্রীয় সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশনের (আইএসআরও) সহযোগিতায় যানটি উৎক্ষেপণ করে স্কাইরুট অ্যারোস্পেস।
সিএনএনের খবরে বলা হয়েছে, এতদিন ভারতে মহাকাশ নিয়ে আইএসআরও-র আধিপত্য ছিল। এবার তাদের সঙ্গে শামিল হলো বেসরকারি সংস্থা স্কাইরুট।
সংস্থাটি জানায়, এ অভিযানে বিক্রমের অরবিটাল ক্লাস প্রযুক্তি নিয়ে পরীক্ষা ও যাচাই করা সহজ হবে। রকেটটি উৎক্ষেপণের আগের ও পরের ধাপ নিয়ে চলবে নানা পরীক্ষা-নিরীক্ষা।
বিক্রমের ওজন ৫৪৬ কেজি এবং ৮৯ দশমিক ৫ কিলোমিটার উচ্চতায় ওঠে। রকেটটি শ্রীহরিকোটা স্পেস বন্দর থেকে উৎক্ষেপণ করা হয়।
উৎক্ষেপণের পর স্কাইরুট অ্যারোস্পেসের সহ-প্রতিষ্ঠাতা পাওয়ান কুমার চন্দনা বলেন, শুধু ভারতে প্রথম বেসরকারি রকেট উৎক্ষেপণই আমাদের লক্ষ্য ছিল না। আমরা ‘নতুন ভারতের সম্ভাবনা’ বোঝাতে চেয়েছি।
২০১৮ সালে হায়দরাবাদে যাত্রা শুরু করেছিল স্কাইরুট অ্যারোস্পেস। গত বছর আইএসআরও-র অভিজ্ঞতা, দক্ষতা ও সুবিধা কাজে লাগানোর বিষয়ে চুক্তিতে পৌঁছায় কোম্পানিটি।