শতাব্দীর সেরা ফুটবলারের মৃত্যুতে যেন থমকে গেছে ফুটবল বিশ্ব। ব্রাজিল থেকে ইউরোপ। ছোট বড় সব ক্লাব স্মরণ করছে পেলেকে। শোক বার্তা দিচ্ছেন বর্তমান ও সাবেক ফুটবলাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন মেসি, রোনালদো, নেইমার, সুয়ারেজদের মতো বিশ্বসেরারা।
যে কোনো সময় না ফেরার দেশে চলে যেতে পারেন পেলে। বড়দিনের আগে সবাইকে প্রর্থানা অনুরোধ জানিয়েছিলেন মেয়ে কেলি নাসিমেন্তো। আশঙ্কাই সত্যি হলো। কিং অব ফুটবলের মৃত্যুতে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে ব্রাজিল থেকে বিশ্বজুড়ে। পেলের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো।
কালো মানিক স্মরণে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম সেজেছিল ব্রাজিলের আইকোনিক হলুদ ও সবুজ রঙ্গে। তার মৃত্যুর খবরে পুরো বিশ্ব থেকে আসছে শোক বার্তা। তিনি খেলার ধরণ, একাগ্রতা, শৈল্পিক পায়ের কাজ দিয়ে মুগ্ধ করেছেন ফুটবল বিশ্বকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মেসি, রোনালদো, নেইমার, সুয়ারেজদের মতো বিশ্বসেরা ফুটবলাররা। কিংবদ্ন্তির প্রতি সম্মান জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, জুভেন্টাসের মতো ইউরোপের প্রায় সব ক্লাব।
তবে সবচেয়ে বেশি শোকাহত পেলের নিজ দেশ ব্রাজিল। হাসপাতাল, ক্লাব, আইকনিক কোপাকাবানা সমুদ্র সৈকতও যেনো স্তব্ধ হয়ে গেছে। রিও ডি জেনিরোর কোপাকাবানা বিচে ভক্ত-সমর্থকেরা ফুটবল খেলে কিংবদন্তিকে স্মরণ করেছেন।
রিক স্যান মার্টিন বলেন, যেভাবে সে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা যোগিয়েছে তার জন্যে পেলে আজীবন আমার হৃদয়ে থাকবেন। লং লিভ দা কিং।
মার্সিও পেরেইরা দা সিলভা পেলেকে নিয়ে বলেন, এইটা খুবই দুঃখজনক। মানুষেরা এসে আমাকে বলে পেলে পেলে পেলে! আসো ছবি তুলো, খেলো আমার সঙ্গে। কিন্তু আমি কখনো পেলে হতে পারবো না। তবে তার ডাকনাম পেয়ে আমার সাহায্য হয়েছে। তার প্রতি আমি কৃতজ্ঞ। পুরো বিশ্বে তার সম্মানে এক মিনিট নিরবতা পালন করা উচিত।
এনজো রামপানি বলেন, আমি জানতাম তার শারীরিক অবস্থা বেশ ভালো নয়। এটা খুবই কষ্টকর। তবে ব্রাজিল এত বড় ফুটবল জাতি হওয়ার পিছনে তার অবদান সবথেকে বেশি।
তার মৃত্যুর খবরে হাসপাতালের বাইরে জড় হয় ভক্ত-সমর্থকেরা। জানিয়েছেন তাদের অনুভতিও।
আলিপিও ব্যাটাকে বলেন, পেলের জন্য আফ্রিকায় যুদ্ধবিরতি ছিল। মানুষ তার খেলা দেখতে তিনদিন যুদ্ধ থেকে দূরে ছিলো। এমন ছিলো তার প্রভাব। পেলের সময়ে ফুটবল এখনকার থেকে বেশ ভিন্ন ছিল। অনেক কষ্ট করতে হয়েছিল তাকে এই জায়গায় আসতে।