স্থল ও সমুদ্র পথে হংকং থেকে চীনের মূল ভূখণ্ডে পর্যটকরা যাতায়াত শুরু করেছে। এর মাধ্যমে কয়েক বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলন হচ্ছে অনেকের। পাশাপাশি বিদেশীদের জন্য খুলে গিয়েছে দেশটির সীমান্ত। খবর রয়টার্স।
কভিড-১৯ মহামারী শুরুর পর প্রায় তিন বছর বন্ধ ছিল চীনের সীমান্ত। আজ রোববার সকাল থেকে কভিডবিধিতে শিথিলতা কার্যকর হচ্ছে।
বিধিনিষেধ তুলে দেয়ায় আগত ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনের বাধ্যবাধকতার অবসান ঘটছে। গত মাসে দেশটিতে ‘নজিরবিহীন’ বিক্ষোভের পর এ ঘোষণা আসে।
ঘন ঘন করোনা টেস্ট, চলাচলে বাধা এবং গণ লকডাউনসহ শূন্য কভিডনীতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
হংকংয়ের লোক মা চাউ চেকপয়েন্টে চীনের মূল ভূখণ্ডে যাওয়ার জন্য ভোরে অপেক্ষা করছিলেন কয়েক ডজন ভ্রমণকারী। তাদের একজন টেরেসা চৌ বলেন, ‘আমি খুব খুশি, খুব খুশি, খুব উত্তেজিত। অনেক বছর ধরে আমার বাবা-মাকে দেখিনি। কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও তাদের দেখতে ফিরে যেতে পারিনি।’
একই চেক পয়েন্টে থাকা আরেক ব্যক্তি বলছিলেন, ‘তিন বছর হয়ে গেছে, আমাদের দেরি করার সময় নেই।’
বিনিয়োগকারীরা আশা করছেন, নতুন সিদ্ধান্ত প্রায় অর্ধ শতাব্দীর মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধিতে ভোগা ১৭ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবে। যদিও আকস্মিক নীতি পরিবর্তনের ফলে সংক্রমণের বড় একটি ঢেউ দেশটির জনজীবনকে সংকটে ফেলেছে। হাসপাতালের আইসিইউ খালি নেই বলেও খবর আসছে।
সাম্প্রতিক সময়ে পশ্চিমা গণমাধ্যমগুলো আশঙ্কাজনক চিত্র তুলে ধরেছে। লাখ লাখ লোক আক্রান্ত ও হাজার হাজার মৃত্যু খবর দেয়া হচ্ছে। যদিও চীন বলছে, প্রকৃত অবস্থা বাড়িয়ে দেখানো হচ্ছে।
এদিকে গতকাল শুরু হয়েছে চান্দ্র নববর্ষের উদযাপন। এ উপলক্ষে দেশটিতে ৪০ দিনের সরকারি ছুটি থাকে। লাখ লাখ মানুষ পরিবার নিয়ে শহর ছেড়ে গ্রামের দিকে যাত্রা করে।
মহামারীর দুর্যোগ কাটিয়ে ২০২০ সালের পর এবারই সম্পূর্ণ বিধিনিষেধমুক্ত উৎসব পালন করতে যাচ্ছে চীনারা। দেশটির সংবাদমাধ্যমের তথ্য বলছে, গত বছর এ সময়ে প্রায় ১০০ কোটি লোক ভ্রমণ করেছে।
চীনের পরিবহন মন্ত্রণালয় গত ৬ জানুয়ারি জানিয়েছে, চান্দ্র নববর্ষের ছুটির ৪০ দিনে প্রায় ২০০ কোটি যাত্রী ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে। গত বছরের তুলনায় এ সংখ্যা ৯৯ দশমিক ৫ শতাংশ বাড়বে এবং ২০১৯ সালের ট্রিপ সংখ্যার ৭০ দশমিক ৩ শতাংশে পৌঁছবে।
বিদেশীদের জন্য সাধারণ ভিসা ও আবাসনের অনুমতির পাশাপাশি চীনের মূল ভূখণ্ডের বাসিন্দাদের জন্য পাসপোর্ট ও ভ্রমণ ভিসার সুযোগও খুলে দেয়া হয়েছে। তবে করোনার বাড়বাড়ন্তের কারণে কয়েকটি দেশ চীন থেকে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে।