হিলি স্থলবন্দর দিয়ে লাগেজ পার্টির অনুগত ভারতীয় যাত্রীদের তল্লাশি ছাড়া প্রবেশে বাধা দেওয়ায় কাস্টমস কর্মকর্তাদের হাত কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরের এ ঘটনায় দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত দেড় ঘণ্টা ধরে বন্দরের পাসপোর্ট কার্যক্রম বন্ধ ছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বন্দরের শুল্ক স্টেশনের কার্যক্রম পুনরায় শুরু হয়।
আনসার সদস্য আব্দুল গফুর বলেন, লাগেজ পার্টির হুমকির পর তাৎক্ষণিকভাবে আমরা কর্মবিরতিতে যাই। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ঘটনার বিচারের আশ্বাস দিলে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সুকান্ত দাস বলেন, স্থানীয় লাগেজ ব্যবসায়ী দিনার তার অনুগত ভারতীয় লাগেজ পার্টির মালামাল তল্লাশি ছাড়াই দেশে আনতে চেয়েছিলেন। এজন্য তিনি আনসার সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এর প্রতিবাদ করলে দিনার হোসেন আমাদের কর্মকর্তাদের হাত কেটে নেওয়ার হুমকি দেন।
তিনি বলেন, এ ঘটনায় নিরাপত্তাজনিত কারণে দেড় ঘণ্টা পাসপোর্ট কার্যক্রম বন্ধ ছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইনি পদক্ষেপের পাশাপাশি নিরাপত্তার আশ্বাস দেওয়ায় পুনরায় কার্যক্রম চালু হয়েছে।