আইএমএফের ঋণ পেতে বিদ্যুতের দাম বাড়াচ্ছে শ্রীলংকা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে মরিয়া শ্রীলংকা। এ জন্য বিদ্যুতের দাম ৬৬ শতাংশ বাড়াচ্ছে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটি। খবর রয়টার্স।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান শ্রীলংকার জ্বালানি মন্ত্রী কাঞ্চনা বিজেসেকেরা।

তিনি বলেন, আমরা জানি এটা জনসাধারণ বিশেষ করে দরিদ্রদের জন্য খুব কঠিন হবে। কিন্তু শ্রীলংকা এমন অর্থনৈতিক সংকটে পড়েছে সেখানে এ ধরনের পদক্ষেপ নেয়া ছাড়া কোনো উপায় নেই।

তিনি আরো জানান, এর মাধ্যমে আইএমএফ প্রোগ্রামের আওতায় ঋণ প্রাপ্তির আরো কাছে যাচ্ছে শ্রীলংকা।

দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করেছেন দেশটির বৃহৎ বৈদ্যুতিক সংস্থা সিলন ইলেকট্রিসিটি বোর্ডের এক কর্মকর্তা।

বিদ্যুতের দাম বৃদ্ধি শ্রীলংকানদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এমনিতেই ৫৪ দশমিক ২ শতাংশ মূল্যস্ফীতিতে নাকাল শ্রীলংকানরা। বিদ্যুতের আরেক দফা দাম বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে হাজির হচ্ছে। কিন্তু সরকারের সামনেও ঋণ নেয়া ছাড়া আপাতত কোন বিকল্প নেই। বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বল্পতায় প্রয়োজনীয় আমদানিতে হিমশিম খাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটি।

সাত দশকের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলংকা। দেনায় জর্জরিত দেশটি আইএমএফ থেকে ২৯০ কোটি ডলার ঋণ প্রাপ্তির চেষ্টা চালাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.