ভোররাতে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাজিকিস্তান

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে আঘাত হেনেছে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। এ তথ্য দিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। তবে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, উইঘুর স্বায়ত্তশাসিত জিনজিয়াং অঞ্চলের সীমান্তের কাছে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ড।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে তাজিকিস্তানের পূর্ব অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। এর প্রায় ২০ মিনিট পর ৫ মাত্রার আফটারশকে কেঁপে উঠে বিস্তৃত এলাকা। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্টের সাড়ে ২০ কিলোমিটার গভীরে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল চীনের কাছাকাছি সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে। জিনজিয়াংয়ের পশ্চিম অঞ্চল কাশগড় ও আর্টাক্সে তীব্রভাবে কম্পন অনুভূত হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূতাত্ত্বিক সংস্থা ইএমএসসি ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প উল্লেখ করলেও পরে সংশোধন করে জানায় ৬ দশমিক ৩ মাত্রা।

কম জনবহুল অঞ্চলটি সুউচ্চ পামির পর্বত দ্বারা বেষ্টিত। এই ভূমিকম্পের ফলে ধসের আশঙ্কা করছে ইউএসজিএস।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার বিস্তৃত এলাকায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। ওই প্রলয়ংকরী দুর্যোগে অর্ধ লাখের মতো মানুষ নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই তুরস্কের নাগরিক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.