ইসরায়েলের জন্য নিজেদের আকাশপথ উন্মুক্ত করে দিলেও তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে জানিয়ে দিয়েছে ওমান। দেশটির কর্তৃপক্ষ এ বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। খবর মিডলইস্ট মনিটর।
এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন ইসরায়েলি বিমানের জন্য ওমানের আকাশসীমা ব্যবহারের সুযোগ পাওয়ার কথা ঘোষণা করেন। এর ফলে ইসরায়েলি বিমান সংস্থাগুলোর খরচ ও সময় কমবে। ফলে তারা আরও বেশি প্রতিযোগিতামূলক হতে পারবে।
এলি কোহেন এই সুযোগ দেয়ার জন্য ওমানের সুলতান হাইতাম বিন তারেক এবং মধ্যস্থকারী মার্কিন বন্ধুদের ধন্যবাদ জানান। অন্যদিকে ওমানও এ বিষয়ে জানায়, তারা এ ব্যাপারে ইসরায়েলি এয়ারলাইন্সগুলোকে অনুমোদন দিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওমান কর্তৃপক্ষের মধ্যে কয়েক মাসের আলোচনার পর এ অনুমোদন দেওয়া হয়।
বিষয়টি নিয়ে পুরো মুসলিম বিশ্ব সমালোচনায় মাতে। ব্যাপক সমালোচনা করে ফিলিস্তিনিও কর্তৃপক্ষও। এর পরপরই ওমানের পক্ষ থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে প্রতিশ্রুতি দেওয়া হয়, আকাশসীমা মুক্ত করে দিলেও তারা কোনোভাবেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। এই প্রতিশ্রুতির বিনিময়ে ওমানের ওপর দিয়ে ইসরায়েলের বিমান ওড়ার ব্যাপারে নিন্দা না করার ব্যাপারে সম্মত হয় ফিলিস্তিন।
উল্লেখ্য, শুরু থেকেই ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে ওমান। ইসরায়েলের সঙ্গে ওমানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।
এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সায়াইদ বদর বিন হামাদ আল-বুসাইদী বলেছিলেন, আমরা সবসময় ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের সঙ্গে রয়েছি। আমরা দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ন্যায়বিচার, ব্যাপক ও স্থায়ী শান্তি অর্জনের নীতিতে বিশ্বাস করি।