নওগাঁয় দালাল ছাড়াই মিলছে পাসপোর্ট

নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বর্তমানে অনেকটা ভোগান্তি আর হয়রানী ছাড়াই সেবা মিলছে। দালালদের দৌরাত্ম নেই বললেই চলে। দালাল ছাড়াই যে কোন ব্যক্তি যে কোন সময় পাসপোর্ট অফিসে গিয়ে সরাসরি কর্মকর্তার কাছ থেকে পাসপোর্ট বিষয়ে যে কোন সেবা নিতে পারছেন। ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে নানা ব্যতিক্রমী উদ্যোগ।

জেলার রাণীনগর উপজেলার কাটরাসইন গ্রামের জিল্লুর রহমান বলেন আমি পাসপোর্ট অফিস থেকে একটি চিঠি পেয়েছি। সেই চিঠিতে বলা হয়েছে যে আমার পাসপোর্ট অনেক আগেই তৈরি হয়ে অফিসে জমা রয়েছে। সেই পাসপোর্ট দ্রুত সংগ্রহ করার জন্য বলা হয়েছে।

একই গ্রামের আরেক সেবাগ্রহিতা রনজিত শাহা বলেন, আমার পূর্বের পাসপোর্টের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কিছু তথ্যগত অমিল ছিলো। পরবর্তিতে দালাল ছাড়াই আমি অফিসের বড় স্যারের কাছে বিষয়টি জানালে তিনি আমার সকল সমস্যা সমাধান করে দ্রুত আমার নতুন পাসপোর্ট তৈরি করে দিয়েছেন। আমি স্যারের ব্যবহারে অভিভ’ত হয়েছি। এমন কর্মকর্তা যদি দেশের প্রতিটি সরকারি অফিসে থাকতো তাহলে আমাদের দেশের চিত্র অনেক আগেই বদলে যেতো।

নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন বলেন পাসপোর্ট অফিস নিয়ে দেশের মানুষের মাঝে যে নেতিবাচক ধারণার জন্ম নিয়েছে সেই নেতিবাচক ধারণা থেকে কিছুটা ইতিবাচক ধারণার অবতারনা করতে আমি এই অফিসে যোগদানের পর থেকেই চেস্টা করে আসছি। নিজ ব্যক্তি উদ্যোগে গ্রহণ করেছি কিছু ব্যতিক্রমী উদ্যোগ।

যেমন যে সব গ্রাহকরা দীর্ঘদিন তাদের পাসপোর্ট গ্রহণ করছেন না তাদের একটি তালিকা করেছি। সেই তালিকা অনুসারে জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের গ্রাহকদের নির্দিষ্ট একটি সময়ের মধ্যে তাদের প্রস্তুত হওয়া পাসপোর্ট সংগ্রহ করতে লিখিত ভাবে চিঠির মাধ্যমে জানানোর ব্যবস্থা গ্রহণ করেছি। চলতি হজ মৌসুমে যেসব মানুষ হজ সম্পন্ন করার নিমিত্তে পাসপোর্ট করতে এসেছেন তাদেরকে সর্বাধিক প্রাধান্য দিয়ে স্বল্প সময়ের মধ্য পাসপোর্ট হাতে তুলে দেয়ার চেস্টা করেছি।

 

এছাড়া অসুস্থ্য ও বয়স্কদের পাসপোর্টের ক্ষেত্রে সর্বাধিক প্রাধান্য প্রদান করে আসছি। প্রতিদিন অফিস চলাকালীন সময় থেকে অফিস শেষ হওয়া পর্যন্ত যে কোন মানুষের জন্য আমার কক্ষের দুয়ার সব সময় খোলা রাখি যেন সমাজের নিম্ম পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায়ের যে কোন মানুষ আমার দপ্তর থেকে কোন প্রকারের ভোগান্তি আর হয়রানী ছাড়াই সেবা নিতে পারে সেই পরামর্শ প্রদানের চেস্টা করে আসছি।

 

তিনি আরো বলেন, পাসপোর্ট অফিসের নির্ধারিত কোন দালাল নেই কিন্তু অফিসের বাহিরে অনেক কথিত ব্যক্তি অফিসে সেবা নিতে আসা মানুষদের নানা চক্রের ফাঁদে ফেলে নিজেদের নানা ভাবে জাহির করে ফায়দা হাসিলের চেস্টা করে আসছে। আর এই সব মানুষের ফাঁদে পরে অনেক অসচেতন মানুষই অযথাই ভোগান্তি আর হয়রানীর শিকার হচ্ছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.