যুক্তরাষ্ট্র অস্ত্র না দিলে প্রয়োজনে নখ দিয়ে যুদ্ধ করবে ইসরায়েল: নেতানিয়াহু

ইসরায়েলে মার্কিন অস্ত্রের চালান বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার (৯ মে) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ একাই দাঁড়াতে পারে। তিনি বলেন, প্রয়োজন হলে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব।

 

গাজায় বেসামরিক মানুষের প্রাণহানির আশঙ্কায় যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলে বোমার চালান স্থগিত করেছে। বুধবার বাইডেন সংবাদমাধ্যমকে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিলিস্তিনের গাজার রাফায় পূর্ণমাত্রায় অভিযানের নির্দেশ দিলে যুক্তরাষ্ট্র দেশটিতে মার্কিন অস্ত্রের চালান বন্ধ করে দিতে পারে।

এর প্রতিক্রিয়ায় ১৯৪৮ সালের যুদ্ধের কথা স্মরণ করেন নেতানিয়াহু। তিনি বলেন, ৭৬ বছর আগের সেই যুদ্ধে ইসরায়েলের কাছে অস্ত্র ছিল না। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল। কিন্তু তাদের মধ্যে চেতনা, বীরত্ব ও ঐক্য ছিল। অস্ত্রের চালান বন্ধ করা হলে এখনো তারা জয়ী হবেন।

সাত মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে ৯ মে পর্যন্ত ইসরায়েলের হামলায় ৩৪ হাজার ৯০৪ জন নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের ৭০ শতাংশই শিশু ও নারী।

যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে এখন গাজার রাফায় বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের টানপোড়েন দেখা দিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.