ইরান প্রসঙ্গে ট্রাম্পকে অপসারণের দাবি ডেমোক্রাটদের

মার্কিন কংগ্রেসে ৭০ জনের বেশি ডেমোক্রাট সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের দাবি জানিয়েছেন।

ইরানকে ঘিরে ট্রাম্পের কঠোর হুমকি ও সামরিক পদক্ষেপের সমালোচনা করে তারা এই আহ্বান জানাচ্ছেন।

গত ৭ এপ্রিল, দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না হলে ‘পুরো সভ্যতা ধ্বংস’ হয়ে যেতে পারে।

এই মন্তব্যে ডেমোক্রাটদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে ট্রাম্পের বিরুদ্ধে ‘গণহত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ এনেছেন।

ডেমোক্রাট সদস্যরা এখন ট্রাম্পকে অভিশংসন বা সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে প্রেসিডেন্সি থেকে সরানোর দাবি জোরদার করেছেন।

তবে বর্তমানে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ থাকায় তাদের কাছে এ ধরনের পদক্ষেপ নেওয়ার মতো পর্যাপ্ত ভোট নেই।

ডেলওয়ারের প্রতিনিধি সারা ম্যাকব্রিড বলেছেন, কোনো প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধের হুমকি দেওয়ার অনুমতি দেওয়া যায় না। নিউ জার্সির সিনেটর অ্যান্ডি কিম ট্রাম্পকে ‘কমান্ডার-ইন-চিফ হওয়ার অযোগ্য’ বলে মন্তব্য করেছেন। মিশিগানের প্রতিনিধি শ্রী থানেদার ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যদের কাছে ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে কানেকটিকাটের প্রতিনিধি জন লারসন ইতোমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব দাখিল করেছেন।

বর্তমানে ট্রাম্পকে অপসারণ করা কঠিন হলেও ডেমোক্রাটরা আশা করছেন, ভবিষ্যতে মধ্যবর্তী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে তারা বিষয়টি আবার জোরালোভাবে তুলবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.