মুম্বাইয়ে ফ্লাইট পরিচালনায় বাধার মুখে ১২ এয়ারলাইনস
ভারতের মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের ২০২৭ সালের গ্রীষ্মকালীন ফ্লাইট সূচিতে জায়গা পায়নি পশ্চিম এশিয়ার ১২টি আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থা।
ভারতের মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের ২০২৭ সালের গ্রীষ্মকালীন ফ্লাইট সূচিতে জায়গা পায়নি পশ্চিম এশিয়ার ১২টি আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থা। এর মধ্যে এয়ার আরবিয়া, ওমান এয়ার, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজের মতো পরিচিত সংস্থা রয়েছে। বর্তমানে এসব উড়োজাহাজ সংস্থার নিয়মিত ফ্লাইট মুম্বই বিমানবন্দর থেকে পরিচালিত হলেও আগামী বছরের এপ্রিল থেকে শুরু হতে যাওয়া গ্রীষ্মকালীন সূচিতে তাদের ওঠানামার অনুমতি দেওয়া হয়নি। এ সিদ্ধান্ত ঘিরে বিমান চলাচল খাতে তৈরি হয়েছে আলোচনা ও অসন্তোষ।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বই বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য ৫০টি উড়োজাহাজ সংস্থা স্লটের আবেদন করেছিল। এর মধ্যে ৩৮টি সংস্থা প্রয়োজনীয় স্লট পেয়েছে। তবে পশ্চিম এশিয়ার ১২টি উড়োজাহাজ সংস্থার আবেদন তালিকা থেকে বাদ পড়েছে।
বাদ পড়া সংস্থাগুলো বর্তমানে মুম্বই থেকে প্রতিদিন ১৪টি শহরে মোট ১৬টি ফ্লাইট পরিচালনা করে। এসব গন্তব্যের মধ্যে বাহরাইন, দোহা ও দাম্মামের মতো গুরুত্বপূর্ণ শহর রয়েছে। ফলে নতুন সূচিতে অনুমতি না পাওয়ায় এসব রুটে বিমান চলাচল এবং যাত্রী পরিবহন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে মুম্বই বিমানবন্দরের এয়ারলাইন অপারেটর্স কমিটি (এওসি)। কমিটির পক্ষ থেকে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব সমীর সিনহাকে ই-মেইল পাঠানো হয়েছে। সেখানে ১২টি আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাকে স্লট না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
এওসির আশঙ্কা, সিদ্ধান্ত পরিবর্তন না হলে সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থাগুলোকে তাদের ফ্লাইট পরিচালনা নতুন নির্মিত নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে সরিয়ে নিতে হতে পারে। অন্যথায় মুম্বই বিমানবন্দর থেকে তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করার পরিস্থিতিও তৈরি হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, বছরে দুবার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের সময়সূচি প্রকাশ করা হয়। একটি গ্রীষ্মকালীন এবং অন্যটি শীতকালীন সূচি। নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনার জন্য উড়োজাহাজ সংস্থাগুলোকে সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আগাম স্লটের আবেদন করতে হয়। এবার ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হতে যাওয়া গ্রীষ্মকালীন সূচির জন্য আবেদন করেছিল বিভিন্ন সংস্থা। বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় ৩৮টি সংস্থাকে অনুমতি দেওয়া হলেও ১২টি পশ্চিম এশীয় সংস্থার নাম বাদ পড়ে।
মুম্বই বিমানবন্দরের পরিচালন ব্যবস্থাপনায় রয়েছে মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (মিয়াল)। প্রতিষ্ঠানটি আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড ও বিমানবন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত হয়।
এদিকে ১২টি সংস্থাকে স্লট না দেওয়ার ক্ষেত্রে মিয়াল ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে এয়ারলাইন অপারেটর্স কমিটি। বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছে তারা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত অবস্থান এখনো জানা যায়নি।