ক্যামেরা-মনিটরে বদলে যাচ্ছে শাহজালালের লাগেজসেবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় নতুন উদ্যোগের সুফল পেতে শুরু করেছেন যাত্রীরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় নতুন উদ্যোগের সুফল পেতে শুরু করেছেন যাত্রীরা। লাগেজ ওঠানো-নামানোর পুরো প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণের জন্য স্থাপন করা হয়েছে ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ১৮টি বড় মনিটর। এতে একদিকে যেমন লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বেড়েছে, অন্যদিকে কমেছে যাত্রীদের অপেক্ষার সময়। বর্তমানে অধিকাংশ যাত্রী মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই লাগেজ হাতে পাচ্ছেন।

চীন থেকে নিয়মিত বাংলাদেশে আসা-যাওয়া করেন আব্দুল হান্নান আশিক। বিমানবন্দরের নতুন ব্যবস্থা দেখে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, মনিটরে নিজের লাগেজ নামানোর প্রক্রিয়া সরাসরি দেখতে পারা তাঁর কাছে ভালো লেগেছে। এতে লাগেজ ব্যবস্থাপনার স্বচ্ছতা বাড়বে এবং লাগেজের নিরাপত্তাও নিশ্চিত হবে বলে আশা করছেন তিনি।

থাইল্যান্ড থেকে আসা যাত্রী সাখাওয়াত আল মামুনও আগের তুলনায় বর্তমান ব্যবস্থাপনায় উন্নতি দেখছেন। তাঁর মতে, আগে লাগেজ নিয়ে নানা ধরনের জটিলতা ও ভোগান্তি ছিল। এখন মনিটরের মাধ্যমে লাগেজ কোথায় রয়েছে এবং কোন পর্যায়ে আছে, তা সহজেই দেখা যাচ্ছে। সরকারের এ উদ্যোগকে যাত্রীসেবার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

আরেক প্রবাসী শামিম হোসেন জানান, দুই বছর আগের তুলনায় এবার বিমানবন্দরে এসে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। লাগেজ সংগ্রহ করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি তাঁকে। যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রত্যেকের লাগেজ সঠিকভাবে ও সময়মতো পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট নির্মাতা ওয়াকিফ হোসেন বলেন, বিদেশ থেকে দেশে ফেরার সময় অনেক যাত্রী লাগেজের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। অসতর্কভাবে লাগেজ নামানো কিংবা দীর্ঘ সময় অপেক্ষার কারণে দেশে ফেরার আনন্দ অনেক সময় ম্লান হয়ে যায়। তাই নতুন এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন জানান, বিমানবন্দরের আটটি ব্যাগেজ বেল্টে প্রতিটিতে চারটি করে মোট ৩২টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি বসানো হয়েছে ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর। এসব ক্যামেরার মাধ্যমে বিমান থেকে লাগেজ নামানো, পরিবহন এবং বেল্টে পৌঁছানোর পুরো প্রক্রিয়া সরাসরি দেখা যাচ্ছে।

তিনি বলেন, আগে সিসিটিভি ও কর্মীদের শরীরে থাকা ক্যামেরার মাধ্যমে লাগেজ ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হলেও তা মূলত কর্তৃপক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বর্তমানে যাত্রীরাও সরাসরি এ প্রক্রিয়া দেখতে পারছেন।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ৭৫ থেকে ৮০ শতাংশ লাগেজসেবা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে। আগে এ হার ছিল ৫০ থেকে ৫৫ শতাংশ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, বিমান অবতরণের এক ঘণ্টার মধ্যে লাগেজ সরবরাহ করা হলে সেটিকে স্বাভাবিক ও মানসম্মত সেবা হিসেবে বিবেচনা করা হয়। নতুন ব্যবস্থায় যাত্রীসেবার মান আরও বাড়বে বলে আশা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN