বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সব ধরনের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি ও নিয়ন্ত্রণের কর্তৃত্ব পাচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিমানের পরিচালনা পর্যদের পাশাপাশি মন্ত্রণালয়কে এজন্য অতিরিক্ত ক্ষমতা দেয়া হচ্ছে। এজন্য একটি মনিটরিং কর্তৃপক্ষ গঠন করা হতে পারে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব হবেন এই মনিটরিং কর্তৃপক্ষের উপদেষ্টা। এছাড়া মন্ত্রণালয় কিংবা এ সেক্টরের একজন বিশেষজ্ঞ ব্যক্তিকে কমিটির প্রধান করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের নাট-বোল্ট ঢিলার ঘটনাকে কেন্দ্র করে গঠিত ৩টি তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে এ ধরনের কর্তৃপক্ষ গঠনের চিন্তাভাবনা করছে সরকার। ওই তিন কমিটির সুপারিশের সারসংক্ষেপ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদনের পর বিমান মন্ত্রণালয়ে ফেরত এসেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, প্রধানমন্ত্রীর ফ্লাইটের নাট ঢিলার ঘটনায় গঠিত তিনটি তদন্ত কমিটির সুপারিশের সারসংক্ষেপ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। সেটি রোববার অনুমোদন হয়ে ফেরত এসেছে। এখন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে কীভাবে বিমানকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।
এদিকে তিন কমিটির তদন্ত প্রতিবেদনের সুপারিশের আলোকে বিমানকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে গত সপ্তাহে বিমানের পরিচালক (প্রশাসন) বেলায়েত হোসেনকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। জানা গেছে, নতুন এ কমিটি প্রধানমন্ত্রীর ফ্লাইটের অনাকাক্সিক্ষত ঘটনাকে কেন্দ্র করে বিমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেয়া ৩টি তদন্ত কমিটির প্রতিবেদন যাচাই-বাছাই করে বিমান ম্যানেজমেন্টকে একটি সুপারিশ দেবে। তার ভিত্তিতেই বিমান ম্যানেজেমন্ট পরবর্তী করণীয় নির্ধারণ করবে।
নতুন কমিটির এক সদস্য বলেন, ৩টি কমিটি তাদের প্রতিবেদনে এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেবিচক পরিচালনার জন্য বেশ কিছু সুপারিশ করেছে। সেগুলো কীভাবে বিমানে বাস্তবায়ন করা হবে, তা পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেয়া হবে।
জানা গেছে, ৩টি তদন্ত কমিটি বিমান ও সিভিল এভিয়েশনের সব কাজ নিবিড়ভাবে তদারকি ও নিয়ন্ত্রণের জন্য একটি মনিটরিং কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ কর্তৃপক্ষ গঠন করবে। এছাড়া বিমানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী সম্পর্কে সরকারের বিশেষ গোয়েন্দা সংস্থার মাধ্যমে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে বলা হয়েছে। পাশাপাশি অনিয়মতান্ত্রিক কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য সংস্থাটির সব শ্রেণীর চাকরি অত্যাবশ্যকীয় হিসেবে ঘোষণা করা ও বিমানকে এসেনশিয়াল সার্ভিস ঘোষণার সুপারিশ করা হয়েছে।
অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করলে বিমানে কী ধরনের পরিবর্তন আসবে জানতে চাইলে এভিয়েশন বিশেষজ্ঞ ও রিজজেন্ট এয়ালাইন্সের সাবেক সিওও (চিফ অপারেশনাল অফিসার) আশিস রায় চৌধুরী বলেন, এতে সংস্থাটিতে কর্মকর্তা-কর্মচারীদের কাজের মধ্যে শৃংখলা ফিরে আসবে। এখন অনেকেই ওভারটাইম না করেও বিল নিয়ে যাচ্ছে। অফিসে না থেকেও হাজিরা দিয়ে চলেছে। কথায় কথায় ধর্মঘট ডেকে বিমানবন্দর অচল করে দিচ্ছে। এসব ক্ষেত্রে নিয়ন্ত্রণ আসবে।
গত ২৭ নভেম্বর রাষ্ট্রীয় সফরে হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী এয়ারক্রাফটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এভিয়েশনে সেক্টরের বিশেষজ্ঞ ও বিমানের সাবেক পর্যদ সদস্য ওয়াহিদুল আলম বলেন, এ ঘটনায় যে তিনটি তদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে তা বাংলাদেশ বিমানের অনেক সমস্যা সমাধানের পথ খুলে দিয়েছে। কারণ বিমানকে এসেনশিয়াল সার্ভিস গঠনের প্রস্তাব দীর্ঘদিন থেকে আলোচনা হচ্ছিল। কিন্তু এসব বাস্তবায়ন করা যাচ্ছিল না। তিনি বলেন, শ্রমিকদের সিবিএ, বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সিবিএ ও প্রকৌশল শাখার সিবিএ নেতাদের হাতে বিমান জিম্মি হয়ে পড়েছে। ম্যানেজমেন্ট এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। মন্ত্রণালয়েরও কোনো ক্ষমতা নেই।
এদিকে পরিচালনা পর্ষদের পাশাপাশি মন্ত্রণালয়ের নজরদারি ও কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ হিসেবে এরই মধ্যে বিমানকে বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এসব নির্দেশনায় রয়েছে- প্রতিদিন ফ্লাইট বিলম্বের কারণসহ রিপোর্ট মন্ত্রণালয়কে অবহিত করা, বিমানের ভবিষ্যৎ কর্মপন্থা বের করা, সরকারি প্রতিষ্ঠানের মতো ৯টা-৫টা স্টাইলে শুধু অফিসে আসা-যাওয়ার মানসিকতা পরিহার করা, সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয় রাখা এবং লাভজনক এয়ারলাইন্স হিসেবে দাঁড় করানোর অন্তরায়গুলো চিহ্নিত করে দ্রুত সেগুলোর সমাধান করা। সম্প্রতি বিমানের সদরদফতর বলাকায় এক বৈঠকে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এসব দিকনির্দেশনা দেন। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী রাশেদ খান মেনন, সচিব এসএম গোলাম ফারুক, বিমান ও সিভিল এভিয়েশনের শীর্ষ কর্মকর্তারা।
উল্লেখ্য, ১৯৭২ সালের ৪ জানুয়ারি বিমান কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়। কর্পোরেশন হিসেবে বিমান মন্ত্রণালয়ের মন্ত্রীই বিমান পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকতেন। ২০০৭ সালে বিমানকে প্রাইভেট লিমিটেড কোম্পানি করা হয়।
সূত্রঃযুগান্তর