প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রীক ত্রুটির তদন্ত প্রতিবেদন ৭ মে

biman1প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে যান্ত্রিক ত্রুটির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছে আদালত।

২৯ মার্চ বুধবার নতুন এ দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব।

মামলার তদন্ত সংস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত বিভাগ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিসিটি) প্রতিবেদন দাখিল না করায় নতুন এ দিন ধার্য করেন তিনি।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর গতিপথ পরিবর্তন করে তুর্কমিনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে বিমানটি।

ত্রুটি মেরামত শেষে নির্ধারিত সময়ের চার ঘন্টা পর ফ্লাইটটি বুদাপেস্ট পৌঁছায়। ঘটনার তদন্তে তিনটি কমিটি গঠন করা হয়। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করে। পরে বিশেষজ্ঞদের নিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়।

গত বছরের ২০ ডিসেম্বর রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান প্রকৌশলীসহ নয়জনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন বাংলাদেশ বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এম এম আসাদুজ্জামান।

মামলার আসামিরা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশান) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসিউরেন্স) এস এ সিদ্দিক, প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.