নিরাপদ এয়ারলাইনসের স্বীকৃতি, বাড়াতে হবে সেবার মান।
নিরাপদ এয়ারলাইনসের স্বীকৃত তালিকায় এসেছে বিমান। উড্ডয়ন নিরাপত্তায় প্রথমবারের মতো পাঁচ তারকাখ্যাতি অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বড় স্বীকৃতি। একই সঙ্গে দেশের বেসরকারি এভিয়েশন সংস্থা নভোএয়ার, যারা মাত্র ছয় বছর বিমান চালিয়ে মর্যাদাসম্পন্ন তিন তারকা খ্যাতি পেয়েছে, তাদের অর্জনটিও উল্লেখযোগ্য। বিশ্বের ৪০৫টি বিমান সংস্থার তথ্য বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবছর নিরাপদ এয়ারলাইনসের তালিকা তৈরি করে অস্ট্রেলিয়াভিত্তিক এয়ারলাইনস রেটিংস ডটকম।
তবে একই সঙ্গে আমরা লন্ডনভিত্তিক স্কাইট্রাক্স নামের অপর একটি সংস্থার নেতিবাচক রেটিংয়ের বিষয়টিও বিবেচনায় নেব। নিরাপত্তা ও গুণগত মানের বিচারে তারা বিশ্বের ২১টি এয়ারলাইনসকে সব থেকে ‘খারাপ’ হিসেবে চিহ্নিত করেছিল। বিমান ছিল তার অন্যতম। ২০১৬ সালে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ-এ এ খবর গুরুত্বের সঙ্গেই ছাপা হয়েছিল। কিন্তু সার্বিক বিচারে সাম্প্রতিক বছরগুলোতে বিমানকে ঘিরে অপেক্ষাকৃত ভালো খবর পাওয়া গেছে। সুতরাং এখনই উত্তম সময় বিমানকে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি জাতীয় সংস্থা হিসেবে গড়ে তুলতে উপযুক্ত পদক্ষেপগুলো নেওয়ার।
বিমানের পাঁচ তারকা সাফল্য মূলত উড্ডয়ন নিরাপত্তার বিষয়ে। কিন্তু সময়মতো প্লেন ছাড়া ও যাত্রীসেবার মানের মতো বিষয়ে বিমান ঢের পিছিয়ে আছে। বিমানের দূরবর্তী গন্তব্য ঢাকা-নিউইয়র্ক রুট ছিল যাত্রীবহুল। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেটরের (এফএএ) রেটিংয়ে এক নম্বর ক্যাটাগরিতে থাকার অবস্থানটি বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি বিএনপির বিগত শাসনামলের শেষ দিকে হারায়। যার ফলে বিমান নিউইয়র্ক ফ্লাইট শুরু করতে পারছে না। কিন্তু এক দশকের বেশি সময় কেটে গেলেও এফএএর রেটিংয়ে ক্যাটাগরি-১ বাংলাদেশ এখনো পুনরুদ্ধার করতে পারেনি।
সিভিল এভিয়েশন অথরিটি বলছে, তারা এ বিষয়ে চেষ্টা চালিয়ে আসছে। বিমানের পাঁচ তারকা সাফল্যের প্রেক্ষাপটে নিয়ন্ত্রক সংস্থা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের উচিত এ ব্যাপারে কৈফিয়ত দেওয়া। ১০ বছরেও কেন হারানো অবস্থান ফিরে পেতে সক্ষম হলো না তারা।
বাংলাদেশ বিমানে নিশ্চয়ই দক্ষ জনশক্তি রয়েছে এবং নিরাপত্তার মান আন্তর্জাতিক স্তরে পৌঁছায় এটা ধরে নিতে পারি যে তাদের পক্ষে যাত্রীসেবার মান উন্নয়নও অসম্ভব নয়। ইউরোপীয় ইউনিয়ন গোটা দক্ষিণ এশিয়ার মধ্যে শুধু বাংলাদেশ বিমানের এয়ারলাইনস ট্রেনিং সেন্টারকেই (বিএটিসি) স্বীকৃতি দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে ব্যবস্থাপনাগত মান উন্নয়নই সব থেকে বড় চ্যালেঞ্জ। এতে সন্দেহ নেই যে ব্যবস্থাপনার আসনে যাঁরা বসে আছেন, তাঁরা ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। এটা আর বলার অপেক্ষা রাখে না যে নেতৃত্ব দেওয়ার জায়গাগুলোতে উপযুক্ত, যোগ্যতাসম্পন্ন এবং অভিজ্ঞ লোকের বিরাট ঘাটতি চলছে। পাঁচ তারকা সাফল্যে আচ্ছন্ন না থেকে অনতিবিলম্বে অন্য সব ঘাটতি দূর করতে হবে।
বিমানের বহরে আছে ড্রিমলাইনারসহ নতুন প্রজন্মের ১৩টি উড়োজাহাজ। আরও দুটি ড্রিমলাইনার আসছে। এসব উড়োজাহাজ দূরবর্তী গন্তব্যে চলাচলেই বেশি উপযোগী। অথচ এসব বিমান সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো স্বল্প দূরত্বের গন্তব্যে চলাচল করছে। সুতরাং সার্বিক বিচারে আমরা মনে করি, বাংলাদেশ বিমানকে অবশ্যই ব্যবস্থাপনাগত সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হবে। কিছু আশু লক্ষ্য থাকা উচিত। এক. আগামী বছরেই উড্ডয়ন নিরাপত্তার সূচকের সর্বোচ্চ মান ‘সাত তারকা’ নিশ্চিত করা; দুই. এফএএর স্বীকৃতি ফিরে পেতে তার সবগুলো মানদণ্ড টপকে ঢাকা-নিউইয়র্ক রুট চালু করার পথ সুগম করা; তিন. বাণিজ্যিক বিবেচনাকে গুরুত্ব দিয়ে বিমানের গন্তব্য ও বহর পরিকল্পনা ঢেলে সাজানো; চার. সময়মতো ফ্লাইট ছাড়া নিশ্চিত করা এবং পাঁচ. অন্য বেসরকারি এভিয়েশন সংস্থাগুলোকেও তারকা মর্যাদা পেতে উৎসাহ জোগানো।